
জাপান ও রাশিয়ার নেতারা এক শীর্ষ বৈঠকে নিরাপত্তা বিষয়ক আলোচনা আবার চালু করা এবং বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা শুরুর ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।
গতকাল বৃহস্পতিবার জাপানের নাগোতায় অনুষ্ঠিত আলোচনায় কুরিল দ্বীপপুঞ্জের বিষয়টিও থাকবে বলে আগে থেকেই প্রত্যাশা করা হচ্ছিল। এ দ্বীপ নিয়ে বিরোধের কারণেই দেশ দুটি আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তি সই করে এ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি টানতে পারেনি।
জাপানি সরকারের একজন মুখপাত্র বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া নিয়েও আলোচনা করেন। আবে সেখানকার অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে পুতিন বলেন, তিনি অন্যান্য দেশের সঙ্গে এ সমস্যার সমাধানে আলোচনা করবেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে জাপানে গেছেন গতকাল। প্রায় এক যুগ পরে রাশিয়ার কোনো প্রেসিডেন্ট জাপান সফরে গেলেন।
এর আগে বিবিসি জানায়, পুতিনের এই সফরে দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে সমঝোতা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। অর্থনীতি ও জ্বালানি নিয়েও কয়েকটি চুক্তি হতে পারে।
আজ শুক্রবার টোকিওতে দুই নেতার মধ্যে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতার ক্ষেত্রে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটি অন্যতম বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে রাশিয়ার সঙ্গে জাপানের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভাটা পড়ে। তবে শিনজো আবে সরকার ক্ষমতায় আসার পর জাপান রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হয়।