নিরাপত্তা পরিষদে ভোট অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র ও ইসরায়েলি দখলদারত্ব বিষয়ে ফিলিস্তিনি খসড়া প্রস্তাব অনুমোদন করেছেন আরব প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোর আপত্তি সত্ত্বেও গত সোমবার জাতিসংঘে এই অনুমোদন দেওয়া হয়। খবর রয়টার্সের।
ফিলিস্তিনি প্রস্তাবে ২০১৭ সালের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্বের অবসানের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া এতে ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবটি ভোটাভুটির জন্য আজ বুধবারের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে চাপ দিচ্ছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে এ নিয়ে ভোটাভুটির চূড়ান্ত তারিখ গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি।
ফিলিস্তিনের পক্ষে প্রস্তাবটি তোলার উদ্যোগ নেওয়া জর্ডানের রাষ্ট্রদূত দিনা কাওয়ার সোমবার সাংবাদিকদের বলেন, ২২ জন আরব প্রতিনিধি ফিলিস্তিনি প্রস্তাব অনুমোদন করেছেন। এটি নিরাপত্তা পরিষদে ভোটের জন্য উত্থাপন করার বিষয়ে জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হবে।
এ ভোট পিছিয়ে আগামী বছর নেওয়া হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিনা বলেন, ‘হতে পারে। সবই সম্ভব।’
পশ্চিমা দেশগুলোর বেশ কয়েকজন কূটনীতিক বলেছেন, চূড়ান্ত খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে জমা দিতে ফিলিস্তিনিদের ‘আকস্মিক চাপের’ ঘটনায় তাঁরা বিস্মিত হয়েছেন। কূটনীতিকেরা বলেছেন, খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গ্রহণের জন্য আরও নয়টি ভোটের দরকার।