নিরাপত্তা সংস্থাগুলোকে ঢেলে সাজালেন সৌদি বাদশা
সৌদি বাদশা সালমান বেশ কিছু আদেশ জারি করেছেন। এসব আদেশে নতুন করে তিনি শীর্ষ পদগুলোতে ব্যাপক রদবদল করেছেন। পাশাপাশি তিনি কাউন্টার টেররিজম ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাকে একীভূত করে একটি নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এ ছাড়া রয়্যাল গার্ডের প্রধানের পদেও পরিবর্তন এনেছেন।
বাদশা সালমান তাঁর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের টিমেও কয়েকটি নতুন নিয়োগ দিয়েছেন। গত মাসেই ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান সৌদি সিংহাসনে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন বাদশা সালমান। এর আগে উত্তরাধিকারী ছিলেন বাদশার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ। নায়েফ নতুন উত্তরাধিকারী মোহাম্মদ বিন সালমানের প্রতি আনুগত্য বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মোহাম্মদ বিন সালমানের উত্থানের মাধ্যমে সৌদি আরবের নেতৃত্বে ব্যাপক পরিবর্তন ঘটে।
নবগঠিত নিরাপত্তা সংস্থার প্রধান করা হয়েছে জেনারেল আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-হোয়াইরিনিকে। তিনি ৮১ বছর বয়সী বাদশাকে সরাসরি রিপোর্ট করবেন। রয়্যাল গার্ডের নতুন প্রধান হলেন জেনারেল সুহেইল আল-মুতিরি। তাঁকে জেনারেল হামাদ আল-আওহালির স্থলাভিষিক্ত করা হয়েছে।
সূত্র: বিবিসি