নির্বাচন নিয়ে শঙ্কায় সু চি

মিয়ানমারের ক্ষমতাসীন দলের সাম্প্রতিক অন্তর্কোন্দল নিয়ে গতকাল মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা অং সান সু চি। তাঁর শঙ্কা, এ ঘটনা আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলতে পারে। খবর এএফপির।
গত সপ্তাহে অপসারিত হন ক্ষমতাসীন দল ইউএসডিপির চেয়ারম্যান শোয়ে মান। এ ঘটনাকে ৮ নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট থেইন সেইন ও তাঁর সামরিক মিত্রদের দেশের রাজনীতিতে শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সু চি বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রধানকে অপসারণের ওই পদক্ষেপ আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। জনগণ উদ্বিগ্ন।’
ইউএসডিপির প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনী প্রবেশ করে। এরপর দলটির চেয়ারম্যান শোয়ে মানকে অপসারণ করার ঘোষণা দেয় প্রেসিডেন্ট থেইন সেইনের কার্যালয়। যেভাবে অপসারণ করা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও অসন্তুষ্ট। সম্প্রতি তারা উদ্বেগ জানিয়ে বিবৃতিও দিয়েছে। তবে সু চি মনে করেন, ক্ষমতাসীন দলের এই অন্তর্কোন্দল তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থনের পাল্লা আরও ভারী করবে।
সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে শোয়ে মানের সঙ্গে প্রেসিডেন্ট থেইন সেইনের মতবিরোধ হয়। পাশাপাশি এনএলডি নেতা সু চির সঙ্গে তাঁর সম্পর্ক উষ্ণ হয়েছে। ফলে অনেকের আন্দাজ, দুজন জোট করে মিয়ানমারের রাজনীতিতে এখনো প্রভাবশালী অবস্থানে থাকা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন।