নির্বাচনী সাফল্য থেকে মৃত্যুর মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসি
মোহাম্মদ মুরসি

কট্টর ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড-সমর্থিত নেতা মোহাম্মদ মুরসি মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তাঁকে সামরিক বাহিনী ২০১৩ সালের ৩ জুলাই উৎখাত করে। গোপন স্থানে দুই মাস আটক রাখা হয় তাঁকে। সরকারি আইনজীবীরা ওই বছরের সেপ্টেম্বরে ঘোষণা দেন, একজন সাংবাদিক এবং বিরোধী দুই বিক্ষোভকারীকে হত্যার ঘটনাসহ বিভিন্ন অভিযোগে মুরসির বিচার হবে।
মুরসি একজন প্রকৌশলী। কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্র থেকে। ব্রাদারহুডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ছিলেন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রধান। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের বাবা।
২০১২ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি ‘দেশের সব মানুষের প্রেসিডেন্ট’ হওয়ার অঙ্গীকার করেন। তবে রাজনীতিতে ইসলামপন্থীদের একচ্ছত্র প্রভাব বিস্তারের সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তা ছাড়া তিনি অর্থনীতিকে ভুলভাবে চালানো এবং মোবারকবিরোধী গণজাগরণের মূল দাবি সামাজিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগেও সমালোচিত হন।
প্রেসিডেন্ট পদে মুরসির বর্ষপূর্তির দিনে লাখো মানুষ তাঁর পদত্যাগের দাবি নিয়ে মিসরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করে। এরপর তিনি ইসলামপন্থীদের প্রাধান্য দিয়ে একটি নতুন সাংবিধানিক পরিষদ গঠন করেন। এতে জনমনে অসন্তোষ দেখা দেয়। মুরসি নিজের ক্ষমতা অনেক বৃদ্ধি করার ডিক্রিও জারি করেন। তবে তীব্র বিরোধিতার মুখে তিনি নিজের ক্ষমতা সীমিত করতে রাজি হন। সূত্র: বিবিসি।