নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেন আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, সরকারনিয়ন্ত্রিত প্রার্থী যাচাই-বাছাই পরিষদ গার্ডিয়ান কাউন্সিল এ সিদ্ধান্ত জানিয়েছে।

পশ্চিমাদের কড়া সমালোচনার জন্য পরিচিত আহমাদিনেজাদ ২০০৫ ও ২০১৩ সালের মধ্যে দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন।

১৯ মে অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে ২৭ এপ্রিল। তবে ছয় প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সবুজ সংকেত দিয়েছে গার্ডিয়ান কাউন্সিল। তাঁদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশটির শীর্ষ কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি রয়েছেন।

ইরানের শীর্ষ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রার্থী না হওয়ার পরামর্শ দিয়েছিলেন আহমাদিনেজাদকে। কিন্তু তিনি গত সপ্তাহে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। আহমাদিনেজাদের ঘনিষ্ঠ বলে পরিচিত হামিদ বাগাইকেও নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে।