নির্বাচনে ধরাশায়ী ইরানের শীর্ষ দুই রক্ষণশীল নেতা
ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের কমিটি ‘বিশেষজ্ঞ পরিষদ’-এ পদ হারিয়েছেন রক্ষণশীল দুই আয়াতুল্লাহ। গত শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ফলে গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। খবর এএফপির।
হেরে যাওয়া এ দুজন হলেন মোহাম্মদ ইয়াজদি ও মোহাম্মদ তাগি মেসবাহ-ইয়াজদি। এর মধ্যে ইয়াজদি ছিলেন বিশেষ পরিষদের চেয়ারম্যান; আর মেসবাহ-ইয়াজদি সংস্কারপন্থীদের প্রকাশ্য সমালোচক। উদারপন্থী ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি নির্বাচনে এই দুজনের বিপক্ষেই প্রচারণা চালিয়েছিলেন। তবে রুহানি শিবিরের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া আরেক রক্ষণশীল নেতা আহমেদ জান্নাতি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কর্মকাণ্ড তদারককারী এই পরিষদের রাজধানী তেহরানে মোট ১৬টি আসন রয়েছে। রক্ষণশীলদের আধিপত্য থাকা গার্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকা জান্নাতি ১৬তম স্থান অর্জন করে কোনোক্রমে নিজের আসন ধরে রেখেছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়। এই কাউন্সিলই শুক্রবার অনুষ্ঠিত বিশেষজ্ঞ পরিষদ ও পার্লামেন্ট নির্বাচন উভয়ের অনুমোদন দেবে। চূড়ান্ত সেই ফল পেতে আরও কয়েক দিন লেগে যেতে পারে।
আট বছর মেয়াদের ৮৮ সদস্যের এই বিশেষজ্ঞ পরিষদ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই আট বছরের মধ্যে খামেনি মারা গেলে বা কোনো কারণে পদ থেকে সরে দাঁড়ালে এই পরিষদই তাঁর উত্তরসূরি নির্বাচন করবে।
তেহরানে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে প্রেসিডেন্ট রুহানি তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রথম হয়েছেন তাঁরই গুরুত্বপূর্ণ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি।
রয়টার্স জানায়, রাজধানী তেহরানের মোট ১৬ আসনের মধ্যে ১৫টিই পেয়েছে রুহানি শিবির। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে খবরে বলা হয়, চূড়ান্ত ফলাফলে রক্ষণশীলেরা বিশেষজ্ঞ পরিষদে নিজেদের আধিপত্য হারাবে বলে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে সই করার পর এই প্রথম ইরানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন হলো। ফলে এ নির্বাচনকে উদারপন্থী রুহানির জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।
রয়টার্সের খবরে আরও বলা হয়, পার্লামেন্ট নির্বাচনেও তেহরানের ৩০টি আসনই রুহানির মিত্রদের দখলে যাচ্ছে বলে প্রাথমিক ফলে আভাস পাওয়া যাচ্ছিল। তবে রাজধানীর বাইরে তাঁদের অর্জন খুব একটা উল্লেখ করার মতো নয়। সেখানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ—উভয় ক্ষেত্রেই নিজেদের অনেক আসন ধরে রাখতে পেরেছেন রক্ষণশীলেরা।