নির্বাচনের জন্য নাজিবকে উপহার দেওয়া হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বাদশাহ আবদুল্লাহ
প্রয়াত বাদশাহ আবদুল্লাহ

মালয়েশিয়ায় ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দ্বিতীয় মেয়াদে বিজয় নিশ্চিত করতে সৌদি রাজপরিবার তাঁকে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার ‘উপহার দিয়েছিল’। অর্থ আত্মসাতের আলোচিত মামলা থেকে গত মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল নাজিব রাজাককে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে এ তথ্য দিল সৌদি রাজপরিবারের একটি সূত্র। সেদিন অ্যাটর্নি জেনারেল নিজেও এ ধরনের দাবি করেছিলেন। খবর বিবিসির।
নাম না প্রকাশের শর্তে সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে জানায়, সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহর কাছের জ্যেষ্ঠ কোনো কর্তাব্যক্তি তাঁর নিজ ও রাষ্ট্রীয় তহবিল থেকে ওই অর্থ দান করেছিলেন। তবে ৩ হাজার ৭০০ মাইল দূরবর্তী একটি অ-আরব দেশের নির্বাচন উপলক্ষে গোপনে এই অর্থদানের ‘প্রকৃত উদ্দেশ্য’ সম্পর্কে জানতে চাইলে সূত্র বলে, মুসলিম ব্রাদারহুড সম্পর্কে উদ্বেগের কারণে রিয়াদ এ পদক্ষেপ নেয়। প্রসঙ্গত, সৌদি আরব মুসলিম ব্রাদারহুডকে জঙ্গি সংগঠন বিবেচনা করে থাকে। আর মালয়েশিয়ার বিরোধী জোটে থাকা প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি ব্রাদারহুডের মতাদর্শে চলে বলে ধারণা করা হয়।
সৌদি রাজপরিবারের ভেতরের এই সূত্র আরও বলে, জর্ডান, মরক্কো, মিসর ও সুদান সৌদি রাজপরিবারের দান করা অর্থের উপকারভোগী। সে রকমভাবেই মালয়েশিয়ায় সৌদি আরবের দান অস্বাভাবিক কিছু নয়।
গত মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর ঘোষণা করে, তদন্তে পাওয়া গেছে, প্রধানমন্ত্রী নাজিবের ব্যাংক হিসাবে থাকা ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার প্রকৃতপক্ষে সৌদি রাজপরিবারের দানের অর্থ। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) থেকে আত্মসাৎ করা অর্থ নয়।
এদিকে দুর্নীতির তদন্ত থেকে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অব্যাহতি বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তের পুনর্বিবেচনা চাইবে বলে গতকাল বুধবার জানিয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে অনুষ্ঠিত মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের আগের দুই মাসে কয়েক ধাপে ওই ‘দানের অর্থ’ নাজিব রাজাকের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছিল। মধ্যপ্রাচ্যবিষয়ক অভিজ্ঞ এক ব্রিটিশ করপোরেট তদন্তকারী বলেন, আবুধাবির শাসকের মালিকানাধীন এক সুইস ব্যাংকের সিঙ্গাপুরের শাখা থেকে ওই অর্থ নাজিবের হিসাবে যায়। তিনি বলেন, সৌদি আরব ও মালয়েশিয়া লেনদেনের তথ্য পুরোপুরি প্রকাশ না করা পর্যন্ত এ মামলার কখনো সমাধান হবে না। এ পর্যন্ত তারা তা করেওনি।