নিষেধাজ্ঞা প্রস্তাবের সুর নরম করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে সুর কিছুটা নরম করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা-সংক্রান্ত মার্কিন প্রস্তাব নিয়ে গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কথা ছিল। এর একদিন আগে প্রস্তাব কিছুটা কাটছাঁট করে মার্কিন কর্তৃপক্ষ।

আগের প্রস্তাবে তেল ও বস্ত্র খাতে নিষেধাজ্ঞা এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সম্পদ জব্দের কথা বলা হয়েছিল। নতুন প্রস্তাবে সম্পদ জব্দের বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নাগরিকদের বিদেশে অভিবাসী শ্রমিক হিসেবে কাজের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসছে যুক্তরাষ্ট্র। তবে বস্ত্র খাতে নিষেধাজ্ঞার প্রস্তাব বহাল থাকছে।

যুক্তরাজ্য ও ফ্রান্স মার্কিন প্রস্তাবকে সমর্থন দিয়েছে। এখন প্রয়োজন চীন ও রাশিয়ার সমর্থন। কিন্তু দেশ দুটি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। তাদের যুক্তি হলো, অধিক বল প্রয়োগ করে কিছু করতে গেলে ফলাফল হিতে বিপরীত হতে পারে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ ব্যাপারে গত শুক্রবার বিশেষজ্ঞদের বৈঠক চলাকালে টেক্সটাইল ছাড়া অন্য বিষয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া ও চীন। রাশিয়া বলছে, পিয়ংইয়ংয়ের ওপর চাপ প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপরই গুরুত্ব দেওয়া উচিত।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি যে দেশগুলো উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখছে, তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে ছিন্ন করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমির অধ্যাপক কিম হুয়ান-উক বলেছেন, নতুন করে কঠোর নিষেধাজ্ঞার বিরোধী চীন ও রাশিয়া। দেশ দুটিকে আলোচনার টেবিলে রাখার জন্যই সুর কিছুটা নরম করেছে যুক্তরাষ্ট্র। কেননা, দেশ দুটি যদি নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিষেধাজ্ঞার পক্ষে না থাকে, তাহলে তাদের সমালোচনা কিংবা নিন্দা করার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা ছিল শনিবার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিয়ংইয়ং আরও একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে, কিন্তু এ ধরনের কোনো ইঙ্গিত মেলেনি। উল্টো নানা আয়োজনে ছুটি উদ্‌যাপন করেছেন দেশটির নাগরিকেরা। এদিকে নতুন করে অবরোধ আরোপ করা হলে যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কিম জং-উন তাঁদের ষষ্ঠ ও সবচেয়ে বড় পরমাণু পরীক্ষার ‘নিখুঁত সাফল্যের’ প্রশংসা করেছেন।