নিষেধাজ্ঞার কারণে বিপদে রুশ পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার পর থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিল রাশিয়ার নাগরিক।
ছবি: এএফপি

ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। এ কারণে থাইল্যান্ড ঘুরতে আসা হাজারো রুশ পর্যটক পড়েছেন বিপদে। তাঁরা দেশে ফিরতে পারছেন না। রোববার থাইল্যান্ডের কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রুশ পর্যটকেরা থাইল্যান্ডে আটকে রয়েছেন। খবর এএফপির।

গত মাসে ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে রাশিয়ার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাশিয়ার বেশ কিছু সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও রাশিয়ায় অর্থ লেনদেন করছে না।

করোনা মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার পর থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিল রাশিয়ার নাগরিক। এমন পরিস্থিতির কারণে তাঁদের অনেকেই এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না।

থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তা চাতান কুনজারা না আউধা বলেন, ফুকেটে ৩ হাজার ১০০, সামুইতে ২ হাজার এবং ক্রাবি, ফাং না ও ব্যাংককেও বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন। যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের সাহায্য করতে চেষ্টা করছে মন্ত্রণালয়। পর্যটকদের জন্য বিশেষ ফ্লাইট আয়োজন নিয়ে আলোচনা চলছে।

গত ফেব্রুয়ারিতে মস্কো থেকে থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটক ইভজেনিয়া গোজোরস্কিয়া বলেন, ছোট তিন সন্তানকে নিয়ে তিনি ঘুরতে এসেছেন। এখানে থাকার মতো যথেষ্ট অর্থ তাঁদের কাছে নেই। তাঁদের ফ্লাইট বাতিল হয়েছে।

যদিও থাইল্যান্ডে রাশিয়ান ফ্লাইট বাতিল করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পতাকাবাহী এরোফ্লটের মতো কিছু প্রতিষ্ঠান তাদের ফ্লাইট বাতিল করেছে। তারা পর্যটকদের মধ্যপ্রাচ্য হয়ে বিকল্প পথে ভিন্ন ভিন্ন ফ্লাইটে রাশিয়া যেতে বলছে। বেশ কিছু পর্যটকের ভিসা ও মাস্টারকার্ডে লেনদেনে সমস্যা হচ্ছে।

ফুকেট ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভূমিকৃত্তি রুকতেনগাম বলেন, রাশিয়ানদের কার্ডে লেনদেনে সমস্যা দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ রাশিয়ার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম মির সিস্টেম বিবেচনায় নেওয়ার কথা ভাবছে। এ ছাড়া ডিজিটাল কারেন্সি গ্রহণের কথাও ভাবা হচ্ছে। দেশটিতে রাশিয়ার পর্যটকদের সেবায় স্থানীয় ব্যক্তিরাও এগিয়ে আসছেন।