নিহত জাপানি সাংবাদিকের টুইট নিয়ে তোলপাড়
‘কখনো রাগান্বিত হলে চোখ বন্ধ করে রাখুন। এটি আপনাকে শান্ত রাখবে। এটি অনেকটা প্রার্থনার মতো। ঘৃণা মানুষের কাজ নয়। বিচারের কাজটি সৃষ্টিকর্তার।’
ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হাতে হত্যার শিকার জাপানি সাংবাদিক কেনজি গোতোর চার বছরের পুরোনো টুইটার পোস্ট এটি। তিনি ওই পোস্টে আরও লিখেছিলেন, ‘আমি আরব ভাইদের কাছ থেকে এটি শিখেছি।’ নিয়তির নির্মম পরিহাস, সেই আরবেরই জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে মারা পড়েছেন তিনি।
তবে তাঁর মারা যাওয়ার পর ওই টুইটার পোস্ট বেশ আলোড়ন তৈরি করেছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই পোস্টটি প্রায় ২৬ হাজারবার জাপানি ও ইংরেজি ভাষায় রিটুইট করা হয়েছে। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর গোতো পোস্টটি টুইট করেছিলেন।
গোতোর এ হত্যাকাণ্ড শান্তিকামী দেশ হিসেবে পরিচিত জাপানিদের মধ্যে অভূতপূর্ব এক আবেগের জন্ম দিয়েছে। পশ্চিমারা এ ধরনের সহিংস ঘটনায় যে ধরনের প্রতিক্রিয়া দেখায়, জাপান সাধারণত এ ধারা থেকে বেশ দূরেই থাকে। তবে এবারের ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘সন্ত্রাসীদের মূল্য গুনতে হবে’ বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশটির এ ধরনের প্রতিক্রিয়া নজিরবিহীন। একে জাপানের নীতি বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
তবে নিহত গোতোর মা এ ঘটনা যাতে মানুষের আবেগকে ধ্বংসাত্মক করে না তোলে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি আমাদের এ দুঃখ ঘৃণা তৈরি করবে না।’
গত শনিবার আইএস গোতোকে গলা কেটে হত্যার একটি ভিডিও প্রকাশ করে। এর সপ্তাহ খানেক আগে হারুনা ইউকাওয়াকে নামে আরেক জাপানিকে হত্যা করেছিল আইএস।
গত মাসে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মধ্যপ্রাচ্য সফরের সময় ইরাক ও সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের জন্য ২০ কোটি মার্কিন ডলার সাহায্যের অঙ্গীকার করেন। এরপর আইএস ইউকাওয়া ও গোতোকে আটক করে মুক্তিপণ হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে সমপরিমাণ অর্থ দাবি করে। অন্যথায় তাঁদের দুজনকেই মেরে ফেলার হুমকি দিয়েছিল তারা।
তবে এর পর থেকে গোতোকে হত্যার আগ পর্যন্ত মুক্তিপণ দেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি জাপান। গত সোমবারও জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ইউশিহিদে সুগা বলেছিলেন, ‘আমাদের মুক্তিপণ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না।’ অনেকেই এ হত্যার জন্য জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে দায়ী করছেন। তাঁদের দাবি, গোতোকে মুক্ত করতে সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি।
তবে গোতেকে হত্যার আগ পর্যন্ত আইএসের মুক্তিপণের দাবির গুরুত্বও সেভাবে বোঝা যাচ্ছিল না। কেননা ইউকাওয়ার মৃত্যর পর তারা অর্থের পরিবর্তে ইরাকি নারী সাজিদা আল-রিশাবির মুক্তির দাবিও করছিল। তিনি জর্ডানে ২০০৫ সালে আত্মঘাতী হামলার চেষ্টার অভিযোগে আটক হন। সাজিদা আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর বোন বলে মনে করা হয়।