নিহত 'বাংলাদেশি বংশোদ্ভূত' দুই ব্রিটিশ নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদ খান ও রুহুল আমিন l বিবিসি
রিয়াদ খান ও রুহুল আমিন l বিবিসি

যুক্তরাজ্যের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সিরিয়ায় দুই ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। রিয়াদ খান ও রুহুল আমিন নামের ওই দুজন ‘বাংলাদেশি বংশোদ্ভূত’ বলে জানা গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত সোমবার সে দেশের পার্লামেন্টে ড্রোন হামলায় তিন ব্যক্তি নিহত হওয়ার তথ্য জানান। তবে তাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি। যদিও ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত।
নিহত দুজন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াইয়ে অংশ নিতে ২০১৩ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াদ খান (২১) পরিবারের সঙ্গে ওয়েলসের কার্ডিফ এলাকায় বসবাস করতেন। আর রুহুল আমিন (২৬) বেড়ে ওঠেন স্কটল্যান্ডের এবারডিনে।
গত রাতে বিবিসি বাংলা জানায়, নিহত রুহুল আমিনের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। ড্রোন হামলা চালিয়ে তাঁদের হত্যার ঘটনায় যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্ক চলছে।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, রিয়াদ খান যুক্তরাজ্যের অভ্যন্তরে হামলার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন। সিরিয়ার আইএস-নিয়ন্ত্রিত শহর রাক্কায় গত ২১ আগস্ট রিয়াদ খানকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে রিয়াদ, রুহুল আমিনসহ তিনজন নিহত হন।
এদিকে পার্লামেন্টের অনুমোদন না থাকা সত্ত্বেও সিরিয়ায় যুক্তরাজ্যের এভাবে হামলা চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ এমপিরা। কেননা, প্রায় দুই বছর আগে সিরিয়ায় হামলা চালানোর একটি প্রস্তাব ব্রিটিশ এমপিদের ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। এমপিরা দাবি করছেন, ব্রিটিশ নাগরিকদের হত্যার যৌক্তিকতা প্রমাণে সুস্পষ্ট দলিল হাজির করার।
স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নিরাপত্তা-বিষয়ক মুখপাত্র ব্রেনডান ও’হারা বলেন, সিরিয়ায় ব্রিটিশ হামলা হাউস অব কমন্সের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি চরম অবজ্ঞা।
নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাকে হত্যার যৌক্তিকতা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন কার্ডিফ ওয়েস্টে এলাকার এমপি কেভিন ব্রেনান। পরে তিনি বিবিসিকে বলেন, রিয়াদ যুক্তরাজ্যের জন্য কোন ধরনের হুমকি ছিলেন, তা প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্য কার্ডিফের মুসলমানদের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সাধারণ সম্পাদক সেলিম কিদাওয়াই বলেন, ‘রিয়াদ যুক্তরাজ্যে হামলার পরিকল্পনা করছিলেন বলে ডেভিড ক্যামেরন যে বক্তব্য দিয়েছেন, তাতে আমাদের কমিউনিটি প্রশ্ন তুলছে। কমিউনিটি এ সম্পর্কিত গোয়েন্দা বা সরকারের কাছে থাকা তথ্য স্পষ্ট করার দাবি করছে।’
রিয়াদ খানের পারিবারিক বন্ধু মোহাম্মদ ইসলাম বিবিসিকে বলেন, যুক্তরাজ্যের হামলায় রিয়াদের মৃত্যু হয়েছে—এমন তথ্য রিয়াদের বাবা-মাকে আরও বেশি ব্যথিত করেছে। রিয়াদকে একজন সাধারণ তরুণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, রিয়াদ কোনো না কোনোভাবে মগজ ধোলাইয়ের শিকার হয়ে সিরিয়া গেছেন। কিন্তু সেখানে বসে রিয়াদ যুক্তরাজ্যে হামলা চালানোর সামর্থ্য রাখেন, এটা অবিশ্বাস্য।’
সমালোচনার মুখে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন দাবি করেছেন, সম্পূর্ণ বৈধ উপায়ে সিদ্ধান্ত নিয়ে সিরিয়ায় ওই হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের নিরাপত্তার প্রয়োজনে আরও হামলা চালানো হবে।