নেপালে ভূমিকম্পে নিহত প্রায় ২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে ভূমিকম্প
নেপালে ভূমিকম্প

নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

নেপালের পুলিশের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছে ৪ হাজার ৬২৫ জন।
হিমালয় কন্যা নেপালে গতকাল শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
নেপালে ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। এতে দেশটি লন্ডভন্ড হয়ে গেছে। এই ভূমিকম্পে ভারত ও চীনেও হতাহতের ঘটনা ঘটেছে। ভারতে ৪৪ জন নিহত হয়েছে।
ভূমিকম্পের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
সরকারি সূত্র বলছে, নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত বহু বাড়িঘরের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী কাঠমান্ডুতে উদ্ধার অভিযান চলছে। তবে দেশটির অনেক দুর্গম এলাকায় এখনো উদ্ধার তৎপরতা শুরু করা যায়নি।

দুর্গম ও দূরত্বের কারণে ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশে কী ধরনের ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সেখানে মৃতের সংখ্যা অনেক হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 
নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজাল বলেছেন, ভূমিকম্পের উৎসস্থলে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক নানা সংস্থার কাছে আমরা জরুরি সহায়তা চাই।’
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু এবং এর উত্তর-পশ্চিমে অবস্থিত পোখারা নগরের মাঝামাঝি লামজুং এই ভূমিকম্পের উৎসস্থল।
সংস্থাটির মতে, গতকাল দুপুরে নেপালে মোট ১৫ বার ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে কাঠমান্ডুতেই সাত শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
নেপালে ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ভয়ার্ত মানুষ বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।
ভূমিকম্পে দেশটিতে অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর ধারাহারা বা ভীমসেন টাওয়ার অন্যতম। ১৮৩২ সালে নির্মিত এই ভবনটি গুঁড়িয়ে গেছে। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরও ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেশ কয়েকটি বিদেশি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা এই দুর্যোগে নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছে। ভারত ইতিমধ্যে নেপালের পাশে দাঁড়িয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল এক টুইটার বার্তায় জানান, তিনি নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ সহযোগিতা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেক দেশ।