নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, তিন দিনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গত রোববারের আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ২১৩-এ উঠেছে। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। এ ঘটনায় ইরাক সরকার তিন দিনের শোক ঘোষণা করে।
বাগদাদের কারাদার বিপণিবিতান এলাকার এক রেস্তোরাঁর কাছে রোববার ভোরে ওই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ২০০৭ সালের পর থেকে ইরাকি রাজধানীতে এটাই সবচেয়ে ভয়াবহ একক হামলা বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের সরকারি বাহিনী আইএসের কাছ থেকে ফালুজা শহরটি পুনর্দখল করার এক সপ্তাহ পর এ হামলার ঘটনা ঘটল।
গাড়িবোমা হামলায় কয়েকটি ভবনে আগুন ধরে যায়। গতকাল সোমবার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ওই হামলায় দুই শতাধিক লোক আহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, পরিবারের সবাই নিহত হয়েছেন এমন ঘটনা বেশ কয়েকটি রয়েছে। অনেকেই মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।