নৃশংসতার প্রামাণ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৫ অক্টোবরের পর থেকে প্রায় ৬ লাখ ১৫ হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পাড়ি দিয়েছে। ছবি: এএফপি
গত ২৫ অক্টোবরের পর থেকে প্রায় ৬ লাখ ১৫ হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পাড়ি দিয়েছে। ছবি: এএফপি

বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে গত সোমবার রাতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। ২৫ মিনিটের ওই প্রামাণ্যচিত্রে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের ওপর নৃশংসতার বীভৎস বিবরণ তুলে ধরা হয়। বিশেষ করে, রাখাইন রাজ্যের তুলাতলি গ্রামে গত ৩০ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালিয়ে বহু লোককে হত্যা করেছে বলে প্রমাণ হাজির করা হয়।

বাংলাদেশে পালিয়ে আসা ওই গ্রামের ছয়জন বাসিন্দার সাক্ষাৎকার এবং স্থানীয় লোকদের মুঠোফোনে ধারণ করা ভিডিওচিত্র থেকে ওই গণহত্যার প্রমাণ মেলে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের নৃশংস উপায়ে হত্যা এবং যুবতী মেয়েদের ধর্ষণের বীভৎস বর্ণনা তুলে ধরা হয়। এ সময় প্রতিবেদক গ্যাব্রিয়েল গেইটহাউস বলেন, সিরিয়া ও ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) বর্বরতার খবর সংগ্রহ করেছেন তিনি। কিন্তু মিয়ানমারের ঘটনা আইএসের নৃশংসতাকেও হার মানিয়েছে।

গ্যাব্রিয়েল গেইটহাউস আরও বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের মদদে এমন নৃশংস ঘটনা ঘটছে, যেখানে নেতৃত্বে রয়েছেন নোবেল শান্তি বিজয়ী অং সান সু চি।

বিবিসির এই প্রামাণ্যচিত্রে বলা হয়, মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি ৫০ লাখ। এর মধ্যে রোহিঙ্গা হিসেবে পরিচিত মুসলিম জনসংখ্যা প্রায় ১০ লাখ, যাদের বেশির ভাগই রাখাইন রাজ্যে বসবাস করত। গত ২৫ অক্টোবরের পর থেকে প্রায় ৬ লাখ ১৫ হাজার রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পাড়ি দিয়েছে।