নেতানিয়াহু চতুর্থ দফায় প্রধানমন্ত্রী হচ্ছেন
ইসরায়েলের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এতে করে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন নেতানিয়াহু। খবর এএফপি ও রয়টার্সের।
লিকুদ পার্টি জানিয়েছে, দু-তিন সপ্তাহের মধ্যেই নেতানিয়াহু নতুন সরকার গঠন করবেন। জোট সরকার গঠনের জন্য এরই মধ্যে তিনি ডানপন্থী ও ধর্মভিত্তিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন।
নির্বাচনপূর্ব প্রায় সব জরিপেই আভাস দেওয়া হয়েছিল, নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী আইজ্যাক হারজোগের মধ্যবামপন্থী জোট জায়োনিস্ট ইউনিয়ন অন্তত চারটি আসন বেশি পাবে। তবে মঙ্গলবার ভোট অনুষ্ঠানের পর প্রাপ্ত ফলে দেখা গেছে, পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে লিকুদ পেয়েছে ৩০ আসন। অন্যদিকে জায়োনিস্ট ইউনিয়ন পেয়েছে ২৪ আসন। এটাকে ‘সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে’ জয় বলে বর্ণনা করেছেন নেতানিয়াহু। তবে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তা ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলার পাশাপাশি দীর্ঘদিনের মিত্র মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কে ইদানীং শুরু হওয়া টানাপোড়েন আরও দীর্ঘ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত ফল জানিয়ে দেওয়া হবে। এরপর প্রেসিডেন্ট সাত দিনের মধ্যে সরকার গঠনের আহ্বান জানাবেন। ১২০ আসনের পার্লামেন্টে যিনি ৬১ এমপির সমর্থন জোগাড় করতে পারবেন, তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
সে হিসেবে সুবিধাজনক অবস্থানেই রয়েছেন নেতানিয়াহু। তিনি ডানপন্থী বা তার কাছাকাছি দলগুলোকে সঙ্গে নিয়ে জোট গঠন করতে পারেন। তবে এ জন্য লিকুদ থেকে বেরিয়ে যাওয়া নেতা মোশে কাহলোনের দ্বারস্থ হতে হবে। তাঁর মধ্যডানপন্থী কুলানু পার্টি পেয়েছে ১০টি আসন।
প্রতিদ্বন্দ্বী হারজোগের পক্ষে ৬১ জন এমপির সমর্থন জোগাড় করার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করা হচ্ছে। তাঁর নেতৃত্বে সম্ভাব্য কোনো জোট হলে, তাতে আরব ইসরায়েলিদের জোট জয়েন্ট লিস্ট যোগ দিতে পারত। জয়েন্ট লিস্ট ১৪টি আসন পেয়ে তৃতীয় অবস্থান পেলেও তাদের সমর্থন নিয়ে সরকার গড়ার মতো পর্যাপ্ত আসন মিলছে না। হারজোগ এরই মধ্যে পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন।
‘সংলাপ নয়, দখলদারত্ব বেছে নেওয়া হলো’: নেতানিয়াহুর জয়ের বিষয়ে প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরা বলেছেন, ইসরায়েলি ভোটাররা এর মাধ্যমে শান্তি আলোচনার পরিবর্তে দখলদারত্বকেই বেছে নিয়েছেন।