নেতানিয়াহুর 'বিভেদমূলক' ভাষার সমালোচনা ওবামার
ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে সরে আসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চতুর্থ দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি ফিলিস্তিনিদের জন্য পৃথক স্বাধীন রাষ্ট্র হতে দেবেন না—নেতানিয়াহুর এমন প্রতিশ্রুতি ‘বিভেদমূলক’ এবং সংখ্যালঘু আরবদের প্রতি ‘আন্তরিকতাহীন’ বক্তব্য বলে সমালোচনা করেন ওবামা। খবর আল-জাজিরার।
হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুর বিতর্কিত বক্তব্যের এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। গত বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক দল লিকুদ পার্টির পক্ষ থেকে যে ধরনের ‘বিভাজন সৃষ্টিকারী’ ভাষা ব্যবহার করা হচ্ছে, তা ‘গভীর উদ্বেগের’ বিষয়। জয়ের জন্য এর আগে ওবামা প্রশাসন নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছিল। কিন্তু হোয়াইট হাউস হুঁশিয়ার করে দিয়ে বলেছে, আবার ইসরায়েলি প্রধানমন্ত্রী হতে যাওয়া নেতানিয়াহু মধ্যপ্রাচ্য সংকট ও ইরানের বিতর্কিত পারমাণবিক প্রকল্পসহ নানা বিষয়ে গোঁ ধরে থাকবেন।
শেষ দিনের নির্বাচনী প্রচারণায় নেতানিয়াহু প্রতিশ্রুতি দেন, তিনি আবার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক অটুট থাকবে। অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য হাজার হাজার বাড়ি নির্মাণ করবেন। এ ছাড়া ফিলিস্তিনিদের পৃথক স্বাধীন রাষ্ট্র পাওয়ার সুযোগ দেবেন না।
হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট পৃথক দুটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তিতে মধ্যপ্রাচ্য সংকট মোচনের বিষয়ে ওবামার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
আর্নেস্ট বলেন, তখন নেতানিয়াহু মন্তব্য করেছিলেন, ‘সংকট মোচনে যুক্তরাষ্ট্র আমাদের প্রস্তাব মূল্যায়ন করে এগিয়ে যাবে।’
কিন্তু এখন নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন এবং সংখ্যালঘু আরব-ইসরায়েলি নাগরিকদের প্রতি বিভেদমূলক ভাষা প্রয়োগে যুক্তরাষ্ট্র ও ওবামা প্রশাসন উদ্বিগ্ন।