নেতানিয়াহুর হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামাসের তৈরি সব সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত গাজায় ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়েছে। ছবি:রয়টার্স
হামাসের তৈরি সব সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত গাজায় ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়েছে। ছবি:রয়টার্স

জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ নতুন হুংকার  দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের তৈরি সব সুড়ঙ্গ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে যাবে। নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি থাক বা না থাক ইসরায়েল সব সুড়ঙ্গ ধ্বংস করতে বদ্ধপরিকর।

এদিকে গাজায় একতরফা বর্বর হামলা চালিয়ে যেতে ইসরায়েল তাদের সংরক্ষিত সেনাবাহিনী থেকে ১৬ হাজার অতিরিক্ত সেনা তলব করেছে। ওই সেনা যোগ হলে ইসরায়েলের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়াবে ৮৬ হাজারে। সরকারি কর্মকর্তারা ইসরায়েলি গণমাধ্যমকে জানান, তাঁরা  সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চান।

গতকাল বুধবার গাজার ফিলিস্তিনিরা আরেকটি রক্তঝরা দিন কাটিয়েছে। জাতিসংঘের স্কুল ও জনাকীর্ণ বাজারে ইসরায়েলি হামলার ঘটনায় শতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে। তবে নিন্দা জানালেও হোয়াইট হাউসের বিবৃতিতে হামলাকারী হিসেবে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

 নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের গোলাবারুদের মজুত ও সরবরাহ ঠিক রাখতে তাদের কাছে নতুন করে অস্ত্র বিক্রি করা হবে। হামাস বলেছে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে তারা রকেট ছুড়েছে।

গতকালের হামলার পর আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২০০ জন। এ নিয়ে ইসরায়েলের হামলার ২৪তম দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে এক হাজার ৩৬৩ জনে পৌঁছাল।

হামাসের পাল্টা জবাব

জাতিসংঘের স্কুলে ও বাজারে হামলার পর যুদ্ধে অটল থাকার ঘোষণা দিয়েছে হামাস। তারা বলেছে, তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাবে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তেল আবিবে খোলা একটি জায়গায় গতকাল বুধবার হামাস ৮১টি রকেট হামলা চালিয়েছে।

জাতিসংঘের নিন্দা

জাবালিয়ায় স্কুলে ইসরায়েলের চালানো হামলার কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। কোস্টারিকা সফরকালে মুন বলেন, জাতিসংঘের স্কুলে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের ওপর চালানো ওই হামলা খুবই ধিক্কারজনক। তিনি এই হামলাকে ইসরায়েলের অন্যায় আচরণ  হিসেবে চিহ্নিত করেন এবং সুবিচার দাবি করেন।

অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান অ্যামনেস্টির

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আবেদন ছিল, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সহিংসতা বন্ধে অস্ত্র ব্যবহারের ওপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিবিসি, এএফপি

আরও জানতে পড়ুন