নেপথ্যে মুসলিমদের নিয়ে উগ্র বৌদ্ধদের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিতর্কিত নতুন জনসংখ্যা আইন প্রণয়নের পেছনে জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষুদের হাত রয়েছে। ওই ভিক্ষুদের আশঙ্কা, দেশটিতে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জন্মহার বেশি বলে তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। মানবাধিকার কর্মীরা ইতিমধ্যে ওই আইনকে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম অধিবাসীদের জন্য বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে।
মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুদের একটি কট্টরপন্থী অংশ বলে আসছে, ইসলামের জোয়ারে দেশটির সবচেয়ে প্রাচীন ধর্মবিশ্বাস বৌদ্ধ ধর্মকে হারিয়ে যেতে দেওয়া হবে না। মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাদের অভিযোগ, অবৈধপথেও অনেক মুসলিম অভিবাসী দেশটিতে প্রবেশ করছে।
নতুন জনসংখ্যা আইনের বলে মিয়ানমারের ১৪টি রাজ্যসরকার নিজ নিজ এলাকায় জন্মহার কমানোর জন্য পরিবার পরিকল্পনার বিধিবিধান জারি করতে পারবে। স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারকে এমন আইন জারির জন্য অনুরোধ করতে পারবে, যাতে নারীরা দুটি সন্তানের জন্মদানের মধ্যে ‘অন্তত ৩৬ মাস’ অপেক্ষা করতে বাধ্য হয়। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখতে পারবে যে অভিবাসীর সংখ্যা বেশি হওয়া এবং উচ্চ জন্মহার ও উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনো এলাকায় সম্পদের পরিমাণ ভারসাম্যহীন কি না। তবে এ আইন না মানলে কী সাজা হবে তা স্পষ্ট নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শিশুমৃত্যু হ্রাসে একই ধরনের আইন প্রণয়নের জন্য সুপারিশ করেছে। মিয়ানমারের নতুন আইনে বলা হয়েছে, মৃত্যুহার ও খাদ্য সংকটসহ নানা বিষয় এতে বিবেচনায় নেওয়া হয়েছে। এতে সুনির্দিষ্ট কোনো ধর্মীয় সম্প্রদায়ের কথা উল্লেখ নেই। তবে আইনটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ।
মিয়ানমার পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা বাসিন্দাদের নাগরিক বলে স্বীকার করে না।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত শনিবার ইয়াঙ্গুনে সংবাদ সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নতুন এই আইন সাম্প্রদায়িক ও ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে পারে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, নতুন আইন সুস্পষ্টভাবেই রোহিঙ্গাদের লক্ষ্য করে তৈরি করা। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘এটি নিশ্চিতভাবেই জাতিগত ও ধর্মীয় উত্তেজনাকর পরিস্থিতির অবনতি ঘটাবে। আমাদের আশঙ্কা, রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গারা এই আইনের পয়লা নম্বর লক্ষ্যবস্তু হবে।’
রাষ্ট্রপরিচালিত মিয়ানমার আলিন পত্রিকা গত শনিবার জানায়, পার্লামেন্ট ১৪ মে বিলটি পাস করে। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এই বিল পাসে বিরোধিতা করেছিল। পরে প্রেসিডেন্ট থেইন সেইন ১৯ মে আইনটি অনুমোদন করেন।