নেপাল ও ভারতে ভবিষ্যৎ ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে নেপালের পশ্চিমাঞ্চল এবং ভারতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণায় এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। খবর বিবিসির।
নেপালে গত এপ্রিল মাসে আঘাত হানে প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্প। গবেষণায় প্রাপ্ত নতুন তথ্য-উপাত্ত বলছে, ওই ভূমিকম্পটি ভূ-অভ্যন্তরে তৈরি হওয়া সব চাপ তখন মুক্ত করে দিতে পারেনি। এর কিছুটা সরে গেছে পশ্চিম দিকে।
নতুন গবেষণাটির বিষয়বস্তু প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্স অ্যান্ড সায়েন্স-এ। এর লেখকেরা বলছেন, এই এলাকাগুলো এখন বাড়তি পর্যবেক্ষণে রাখা দরকার।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যঁ-ফিলিপ আভোয়াক বলেন, ‘এটা এমন একটা অঞ্চল, যেখানে মনোযোগ দেওয়ার দরকার রয়েছে। আমরা আজ যদি একটি ভূমিকম্পের মুখে পড়ি, তা হলে জনসংখ্যার ঘনত্বের কারণে সেটা হবে একটা মহাবিপর্যয়। কেবল নেপালের পশ্চিমাঞ্চলেই নয়, ভারতের উত্তরাঞ্চলের গাঙ্গেয় সমতল ভূমিতে তার প্রভাব পড়বে।’
নেপালে এপ্রিলের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ছিল এমন একটি ভূতাত্ত্বিক সংঘাতের এলাকায়, যেখানে ভারতীয় টেকটোনিক প্লেট উত্তরে ইউরেশীয় প্লেটের ভেতরে সরে যাচ্ছে। ভূগর্ভস্থ দুই প্লেটের সৃষ্ট চাপের পরিণতিতেই ভূমিকম্প হয়।