নেপাল সীমান্তে আটকা ৪ হাজার ভারতীয় ট্রাক
নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের জেরে সীমান্তে ভারতের চার হাজারের বেশি পণ্যবাহী ট্রাক পাঁচ দিনের বেশি সময় ধরে আটকা রয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশটিতে জ্বালানি তেলের সংকট চরমে উঠেছে। সমালোচনার মুখে ভারত সরকার বলেছে, তারা কোনো ধরনের অবরোধ করছে না। খবর এনডিটিভির।
নেপাল-ভারত সীমান্তে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ট্রাকের সারি তৈরি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ায় সে দেশে ভারতীয় ট্রাক ঢুকতে পারছে না।
নেপালের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ও সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ ওলি বুধবার অভিযোগ করেন, প্রতিবেশী ভারত ‘উদ্দেশ্যমূলকভাবে’ আন্তসীমান্ত বাণিজ্য সাময়িকভাবে থামিয়ে দিয়েছে। ভারত এ অভিযোগ অস্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘আমরা কেবল পণ্য সীমান্ত পর্যন্ত বা সীমান্তের ওপারে নিয়ে যেতে পারি। আর ট্রাক নিয়ে দেশটির ভেতরে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেপালেরই।’