নেপালি পার্লামেন্টে আবারও হট্টগোল, নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের সাংবিধানিক পরিষদের বৈঠকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিরোধী আইনপ্রণেতারা গতকাল পার্লামেন্ট ভবনের ভেতরে আসবাব লাথি মেরে উল্টে ফেলেন। গতকাল মধ্যরাতই ছিল দেশের নতুন সংবিধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর শেষ সময় l ছবি: এএফপি
নেপালের সাংবিধানিক পরিষদের বৈঠকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিরোধী আইনপ্রণেতারা গতকাল পার্লামেন্ট ভবনের ভেতরে আসবাব লাথি মেরে উল্টে ফেলেন। গতকাল মধ্যরাতই ছিল দেশের নতুন সংবিধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর শেষ সময় l ছবি: এএফপি

নেপালে নতুন সংবিধানের খসড়া প্রণয়ন নিয়ে গতকাল বৃহস্পতিবারও পার্লামেন্টে ব্যাপক হট্টগোল-বিক্ষোভ করেছেন বিরোধী আইনপ্রণেতারা। বিরোধী দলের প্রতিবাদের আশঙ্কায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুলিশকে। খবর এএফপির।
সংবিধানে বিতর্কিত ইস্যুর বিষয়ে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের ভোটের প্রস্তাব প্রতিরোধে বিরোধী দলের আইনপ্রণেতারা গতকাল অধিবেশন শুরু হওয়া মাত্র পার্লামেন্টে ঢুকে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
ক্ষমতাসীন ইউএমএল দলের আইনপ্রণেতা ভিম রাওয়াল বলেন, বিরোধী মাওবাদীরা বিশৃঙ্খল কর্মকাণ্ডের মাধ্যমে পুরো অধিবেশনকে জিম্মি করে ফেলেন। এ ধরনের একটি বিরোধী পক্ষের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।
কাঠমান্ডুর প্রধান প্রশাসক ইক নারায়ণ গতকাল বলেন, হাজার হাজার দাঙ্গা পুলিশ পার্লামেন্ট ভবন এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। পার্লামেন্ট ভবন এলাকায় বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সহিংসতাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ সতর্ক করে দিয়েছে।
নেপালের যুদ্ধ-পরবর্তী সংবিধান প্রণয়ন নিয়ে পার্লামেন্টে গত মঙ্গলবারও আলোচনার সময় তুমুল হট্টগোল হয়।