নেপালি মন্ত্রীর বক্তব্যে উদ্বেগ ভারতের
নেপালে সাদা পোশাকে সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের—গত সোমবার এমন মন্তব্য করেন নেপালের দপ্তরবিহীন মন্ত্রী সত্য নারায়ণ মণ্ডল। তাঁর এই মন্তব্যে গতকাল মঙ্গলবার বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেপালের ভারতীয় দূতাবাস। খবর কাঠমান্ডু পোস্টের।
সত্য নারায়ণ গত সোমবার বিরাটনগরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভারত উর্দিধারী সেনা পাঠাতে পারবে না। তাই নেপালে সাদা পোশাকে ভারতীয় সেনাদের প্রবেশের আশঙ্কা রয়েছে।
কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস বলেছে, সরকারের মন্ত্রীর মতো দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে এ রকম মন্তব্য ভারত-নেপালের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নেপালের জনগণের জন্য শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি চায় ভারত। আর এসব লক্ষ্য অর্জনে নেপালের প্রতি নয়াদিল্লির সহযোগিতা অব্যাহত থাকবে।
নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে অবরোধ ভাঙতে ভারতীয় সীমান্তের কাছাকাছি বীরগঞ্জ এলাকায় গত সোমবার পুলিশের গুলিতে আশীষ রাম (১৯) নামের এক ভারতীয় তরুণ নিহত হন। এ ঘটনায় ভারত-নেপাল সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে।