নেপালে আটক ভারতের ১৩ সীমান্ত প্রহরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ভারতের সীমান্ত প্রহরা বাহিনী ‘সীমা সুরক্ষা বল’ (এসএসবি)-এর ১৩ সদস্যকে সাত ঘণ্টা আটকে রাখল নেপাল কর্তৃপক্ষ। এদিকে দেশটির কেব্ল টিভি অপারেটররা ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ করে দিয়েছেন। তাঁদের ভাষ্য, ভারত নেপালে ‘নিত্যপণ্য সরবরাহ বন্ধ রাখার’ প্রতিবাদ হিসেবে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর কাঠমান্ডু পোস্ট ও টাইমস অব ইন্ডিয়ার।
কাঠমান্ডু পোস্ট জানায়, এসএসবির ১৩ সশস্ত্র জওয়ান গতকাল রোববার ভোরে সীমান্ত পেরিয়ে নেপালের ঝাপা এলাকার কেচানায় ঢুকে পড়েন। এর পরপরই নেপালের সশস্ত্র পুলিশ তাঁদের আটক করে। পরে এসএসবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাত ঘণ্টা পর নেপালের কর্তৃপক্ষ তাঁদের ছেড়ে দেয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ওই জওয়ানরা চোরাচালানিদের ধাওয়া করে দুর্ঘটনাক্রমে নেপালের ভূখণ্ডে ঢুকে পড়েছিল।
উল্লেখ্য, এসএসবি ভারতের একটি কেন্দ্রীয় আর্মড পুলিশ বাহিনী।
ভারতীয় টিভি সম্প্রচার বন্ধ: এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নেপালের কেব্ল টিভি অপারেটররা ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ করে দিয়েছেন। নেপালিরা এ জন্য ভারতের অনানুষ্ঠানিক অবরোধকে দায়ী করেছে। নেপালের মদেশি সম্প্রদায়ের সহিংস বিক্ষোভের কারণে ভারত-নেপাল সীমান্তে বেশ কিছুদিন ধরে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। এতে নেপালে নিত্যপণ্য, জ্বালানি তেল ও ওষুধের মতো জরুরি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।
ধর্মঘটে গ্রেপ্তার ৩৮: ভারতের নীতির বিরোধিতা করে নেপালে গতকাল ধর্মঘট ডাকে কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। এ সময় পিকেটাররা বিভিন্ন স্থানে কিছু গাড়ি ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। পিকেটিংয়ের সময় কমপক্ষে ৩৮ জন বামপন্থী কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।