নেপালে আহত ব্যক্তিদের বিকল হওয়ার ঝুঁকি

নেপালে ভয়াবহ ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা অন্তত ১০ হাজার। এসব মানুষের দ্রুত ও সঠিক চিকিৎসা এবং পুনর্বাসন করা না হলে, তাঁরা স্থায়ীভাবে শারীরিক বৈকল্যের শিকার হতে পারেন বলে সতর্ক করেছেন ত্রাণ কর্মকর্তারা। গতকাল বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
নেপালে গত শনিবার ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে এরই মধ্যে নিহত মানুষের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, নেপালের ৭৫টি জেলার মধ্যে ৩৯টিতে ৮০ লাখের বেশি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের পানি, খাবার, আশ্রয় ও চিকিৎসা প্রয়োজন।
যুক্তরাজ্যের হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের পরিচালক আলিমা শিবজি বলেন, মোট কতজন আহত হয়েছেন, এ হিসাব বের করা কঠিন। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে থাকা প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। তাঁদের সংখ্যা ৫০ হাজারের বেশি হতে পারে।

শিবজি থমসন লন্ডন থেকে রয়টার্স ফাউন্ডেশনকে ফোনে বলেন, ‘আমরা শিরদাঁড়া ও মাথায় আঘাত পাওয়া ব্যক্তিদের পাব বলে আশঙ্কা করছি। একই সঙ্গে শরীরের অন্যান্য স্থানে আঘত পাওয়া আহত ব্যক্তিদেরও পাওয়া যেতে পারে। অনেকেরই হয়তো অঙ্গচ্ছেদ করতে হতে পারে। স্থায়ী শারীরিক বৈকল্যের ঝুঁকি এড়াতে তাঁদের এখনই সঠিক চিকিৎসা দরকার।’
গত মঙ্গলবার নেপাল ও ফ্রান্সের একটি উদ্ধারকারী দল কাঠমান্ডুর একটি ধ্বংসস্তূপ থেকে ২৮ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাঁর একটি পা কেটে ফেলার চিন্তা করছেন চিকিৎসকেরা।
ভূমিকম্পে নেপালের রামেকহাপ, নুয়াকত, সিন্ধুপালচক ও গোর্খা জেলার চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। সেখানে ৯০ শতাংশের বেশি স্বাস্থ্য সুযোগসুবিধা ভেঙে পড়েছে। অনেক হাসপাতালেই রোগীদের খোলা আকাশের নিচে চিকিৎসা দিতে হচ্ছে।

ত্রাণকর্মীরা আশঙ্কা করছেন, জ্বালানি সংকট দেখা দিলে কাঠমান্ডুর বাইরের হাসপাতালগুলোর বিশেষ করে যেগুলো জেনারেটরে চলছে, সেগুলোর অবস্থা ভয়ানক আকার ধারণ করবে। ওই জেলাগুলোতে খাওয়ার পানি ও বিদ্যুৎ নেই।
ত্রাণ কর্মীরা বলছেন, এখন সার্জন, অবেদনবিদ, ফিজিওথেরাপিস্ট ও মানসিক ধকল কমানোর মতো বিশেষজ্ঞ দরকার। একই সঙ্গে ব্যথানাশক ওষুধ থেকে শুরু করে সার্জারির জন্য অ্যান্টিবায়োটিক, বিছানা ও অবেদন করার যন্ত্রসহ সব ধরনের সুযোগসুবিধা থাকবে এমন ভ্রাম্যমাণ হাসপাতাল প্রয়োজন।

ভবিষ্যতে ট্রমা পরবর্তী এবং পুনর্বাসন যত্ন প্রয়োজন হবে। এসব রোগীর মধ্যে বিশ্বাস জন্মিয়ে দিতে হবে যে যতটা দ্রুত সম্ভব তাঁরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এর জন্য তাঁদের সাহায্য-সমর্থন প্রয়োজন।
মেডিসিনস স্যানস ফ্রনটিয়ারস নেদারল্যান্ডস-এর মেডিকেল ইমার্জেন্সি কোঅরডিনেটর রোনাল্ড ক্রেমার বলেন, ছোট ছোট গ্রাম ও শহরগুলোতে সমস্যা ব্যাপক আকার ধারণ করবে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা এখনো অনেক জায়গায় পৌঁছাতে পারেননি, এমনকি হেলিকপ্টারও নামতে পারছে না।
রোনাল্ড ক্রিমার বলেন, এই দুর্যোগের পর এখনো যেসব আহত মানুষ চিকিৎসা পাননি, তাঁদের সংক্রমণ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অনেকেরই হয়তো হাত, পা, আঙুল কেটে ফেলতে হতে পারে।