নেপালে এবার ভূমিধসে হাজারো মানুষ বাড়িছাড়া

একের পর এক ভূমিকম্পের পর এবার নেপালের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে ভূমিধসের কারণে কালী গণ্ডকী নদীর গতিপথ বন্ধ হয়ে গেছে। এতে বন্যার ভয়ে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছেড়ে গেছে। খবর বিবিসির।
মিয়াগদি জেলার একটি অংশে ভূমিধস শুরু হয় গত শনিবার মধ্যরাতে। এ সময় সেখানে কালী গণ্ডকী নদীর পানি ফুলেফেঁপে ২০০ মিটার উঁচুতে উঠে যায়। ভূমিধসের ফলে একটি নতুন খালেরও সৃষ্টি হয়েছে। এলাকাটি রাজধানী কাঠমান্ডু থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। নেপালে গত ২৫ এপ্রিলের ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ভূমিধস লেগেই আছে।
মিয়াগদির ভূমিধসের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপ্রসাদ ধাকাল বলেন, ‘নদীর পাশের লোকজনকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলেছি আমরা।’
কালী গণ্ডকী নদীতে নেপালের অন্যতম বড় জলবিদ্যুৎকেন্দ্র অবস্থিত। ভূমিধসে এটি হুমকির মুখে পড়েছে বলে সরকারি তরফে বলা হচ্ছে। তাঁরা আরও বলেছেন, এর ফলে বিশাল এলাকা প্লাবিত হতে পারে। সেনাবাহিনীর হেলিকপ্টার এলাকাটিতে নজরদারি শুরু করেছে। কালী গণ্ডকী নদী ভারতে প্রবেশ করে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে।