নেপালে ছড়িয়ে পড়তে পারে পানিবাহিত রোগ
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে দীর্ঘ মেয়াদে পানিবাহিত রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাজ্যের ডিজাস্টার্স ইমারজেন্সি কমিটি (ডিইসি) এই হুঁশিয়ারি দিয়েছে। বিবিসি অনলাইনের আজ মঙ্গলবারের খবরে এ কথা জানানো হয়েছে।
১২টি দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত ডিইসি বলেছে, খোলা আকাশের নিচে বসবাস, দূষিত পানি ও অপর্যাপ্ত পয়োব্যবস্থার কারণে কলেরা ও আমাশয়সহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। সমস্যা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে ১৪ হাজারেরও বেশি লোক।
ডিইসির একজন মুখপাত্র জানান, নেপালে ইতিমধ্যে ডায়রিয়া ও বক্ষ সংক্রমণ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা জরুরি ভিত্তিতে আশ্রয় এবং বিশুদ্ধ খাবার পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করে যাচ্ছেন। জুনে বর্ষাকাল শুরুর আগেই এসব মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়।
এই মুখপাত্র আরও বলেন, কলেরা নেপালে আঞ্চলিক রোগ হিসেবে আছে। গত বছরও কলেরায় ৬০০ ব্যক্তি আক্রান্ত হয়েছে। ২০০৯ সালে তিন লাখেরও বেশি নেপালি কলেরায় আক্রান্ত হয়।