নেপালে ছোট বিমান বিধ্বস্ত, ২৩ আরোহীর সবার মৃত্যু
নেপালে গতকাল বুধবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৩ আরোহীর সবার মৃত্যু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে রাজধানী কাঠমান্ডুর পশ্চিমে পাহাড়ি এলাকায় সেটি বিধ্বস্ত হয়। পুলিশ কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর রয়টার্সের।
বেসরকারি প্রতিষ্ঠান তারা এয়ারের ছোট টুইন অটার উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে ৮০ মাইল পশ্চিমের জনপ্রিয় পর্যটন এলাকা পোখরা থেকে উড়েছিল। এর গন্তব্য ছিল মুস্তাং জেলার অন্তর্গত জমসম শহর। এই পথ যেতে উড়োজাহাজটির কমবেশি ২০ মিনিট সময় লাগার কথা। কিন্তু উড্ডয়নের ১০ মিনিটের মাথায়ই এর সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড়োজাহাজটির ২৩ জন আরোহীর মধ্যে ২০ জন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে একজন চীনা এবং একজন কুয়েতি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
বিধ্বস্ত হওয়ার স্থানের কাছের শহর মিয়াগদি থেকে পুলিশ কর্মকর্তা বিশ্বরাজ খাড়কা বলেন, উড়োজাহাজটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। আরোহীদের কেউ জীবিত নেই।
কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল মুস্তাং এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়ছিল। এর প্রভাবেই উড়োজাহাজটি সমস্যায় পড়তে পারে।
নেপালের মুস্তাং এলাকা হাইকিংয়ের (দুর্গম এলাকায় হেঁটে ভ্রমণ) জন্য খুবই জনপ্রিয়। এলাকাটি হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা পর্বত ট্রেকিং এলাকার মধ্যে পড়েছে।
এএফপির খবরে বলা হয়, হিমালয়কন্যা নেপালের বেশির ভাগ এলাকাই পাহাড়ি হওয়ায় সড়ক যোগাযোগের অবস্থা খারাপ। অনেক এলাকায় কেবল হেঁটে অথবা আকাশপথে যেতে হয়। দেশটির বিমান পরিচালনা শিল্পের নিরাপত্তা রেকর্ড খুবই খারাপ। ১৯৪৯ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ৭০টির বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে সাত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সর্বশেষ ২০১৪ সালে একই ধরনের একটি উড়োজাহাজ নেপালের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্রাণহানি হয়েছিল ১৮ জনের।