নেপালে ছয় রাজ্যের সীমানা নির্ধারণে ঐতিহাসিক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের বহুল প্রতীক্ষিত নতুন সংবিধানের খসড়া নিয়ে দেশের প্রধান চার রাজনৈতিক দলের মধ্যে ঐতিহাসিক মতৈক্য হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় আট বছর ধরে চলমান প্রক্রিয়াটি একটি চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাল। গত শনিবার রাতে দল চারটি নেপালকে ছয়টি রাজ্যে ভাগ করতে একমত হয়ে চুক্তি সই করে। এটিকে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপি ও হিন্দুস্তান টাইমসের।

গত এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর বিবদমান রাজনৈতিক দলগুলো দেশটিকে আটটি রাজ্যে ভাগ করতে সম্মত হয়েছিল। তবে এর সীমা নির্ধারণ করা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

কয়েক দিনের টানা আলোচনা শেষে শনিবার মধ্যরাতের পর অবশেষে ছয়টি রাজ্যের সীমানা নির্ধারণ করা হয়। গতকাল রোববার নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এক টুইটার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সরকার এবং নতুন রাজ্যের সীমানা নির্ধারণের বিষয়টি সংযুক্ত করে সংবিধান তৈরির বিষয়টি নিশ্চিত হয়েছে। ছোটখাটো যেসব বিষয়ে এখনো মতভিন্নতা আছে, তা কাটাতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

তথ্যমন্ত্রী মিনেন্দ্র রাইজাল বলেন, ‘শেষ রাতে চুক্তি সম্পন্ন হয়েছে। এটি সংবিধান রচনার প্রক্রিয়াকে ব্যাপকভাবে এগিয়ে নেবে।’

গত মাসে রাজ্য ভাগ করার প্রক্রিয়ার অংশ হিসেবে নেপালজুড়ে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল। এসব আলোচনা সভার কয়েকটি গন্ডগোলের কারণে ভন্ডুল হয়ে যায়। এমন ঘটনা বেশি ঘটে দক্ষিণাঞ্চলীয় সমভূমি এলাকায়। ওই অঞ্চলের আদিবাসী মদেশীয়রা রাজ্যের সীমানা নির্ধারণ নিয়ে অসন্তোষ জানালে সভাগুলোতে গোলযোগ শুরু হয়।

নতুন ছয়টি রাজ্য সৃষ্টি করতে মতৈক্য হলেও এখনো এগুলোর নাম দেওয়া হয়নি। এসব রাজ্যের নির্বাচিত আইন পরিষদের সদস্যরা নাম নির্ধারণের কাজটি করবেন। ছয়টি রাজ্যের সব কটির সঙ্গেই ভারতের সীমান্ত আছে। এর মধ্যে চারটির চীনের সঙ্গেও সীমান্ত আছে। নতুন রাজ্যের সীমানা নির্ধারিত হওয়ার পর এ মাসের মধ্যেই নতুন সংবিধান তৈরির কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে।

নেপালের জাতীয় দৈনিক নাগরিকপত্রিকার সম্পাদক গুনারাজ লাইটাল গত শনিবারের চুক্তি নিয়ে বলেন, ‘এটা সত্যিই খুব ইতিবাচক পদক্ষেপ। এর ফলে দেশে নতুন সংবিধান তৈরির দ্বার উন্মোচিত হলো।

রাজনৈতিক দলগুলোর সমঝোতার মধ্যে সন্তানের নাগরিকত্বের জন্য মা-বাবার উভয়ের নেপালের নাগরিক হওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়টি রয়েছে। মানবাধিকারকর্মীরা এই বিধানটি সংবিধানে রাখার জোরালো বিরোধিতা করেন। তাঁদের যুক্তি ছিল, এর ফলে একা সন্তান পালন করেন, এমন মায়েদের জন্য সমস্যা হবে।

প্রায় এক দশকের মাওবাদী সশস্ত্র আন্দোলনের পর ২০০৮ সাল থেকে নেপালে সংবিধান রচনার কাজ শুরু হয়। তবে রাজনৈতিক দলগুলোর তীব্র মতভেদের কারণে তা বিলম্বিত হয়।