নেপালে জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় মজুত থাকা তেলের ওপর কড়াকড়ি আরোপ করেছে নেপাল সরকার। নতুন সংবিধানে সংশোধনী আনার দাবিতে শত শত বিক্ষোভকারী প্রধান আমদানি কেন্দ্রের সড়ক অবরোধ করায় স্থলবেষ্টিত দেশটিতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। খবর এএফপির।
নেপাল ভারত থেকে জ্বালানি তেল আমদানি করে। আর তা সীমান্তবর্তী বীরগঞ্জ থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বীরগঞ্জ বিক্ষোভকারী সংখ্যালঘু সম্প্রদায় মদেশীদের এলাকা। বিক্ষোভের একপর্যায়ে মদেশীরা বীরগঞ্জে প্রবেশের সেতুটি অবরোধ করে।
এই সংকটের মুখে মজুত থাকা জ্বালানি তেল বিতরণের ওপর কড়াকড়ি আরোপ করেছে নেপাল সরকার। একই সঙ্গে রাস্তায় গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। জোড় ও বিজোড় সংখ্যার নম্বর প্লেটধারী গাড়ি আলাদা আলাদা দিনে রাস্তায় নামাতে হবে।
নেপাল অয়েল করপোরেশনের (এনওসি) উপমহাব্যবস্থাপক সুশীল ভট্টরাই এএফপিকে বলেন, এক সপ্তাহে মোটরসাইকেলের জন্য তিন লিটার ও প্রাইভেট কারের জন্য দশ লিটার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করা হয়েছে। আর এক দিন পরপর ট্যাক্সির জন্য দশ লিটার ও ছোট বাসের জন্য ১৫ লিটার তেল দেওয়া হবে।
জ্বালানি তেলের বিক্রি নিয়ন্ত্রণের ঘোষণার পর নেপালের পেট্রলপাম্পগুলোতে এখন মানুষের দীর্ঘ সারি। এনওসির একজন কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি এভাবে চললে মজুত থাকা তেল দিয়ে আমরা বড়জোর কয়েক সপ্তাহ চলতে পারব।’
অতি সম্প্রতি নেপাল নতুন সংবিধান অনুমোদন করেছে। এ নিয়ে দেশটিতে মতবিরোধ আছে। নতুন সংবিধান অনুযায়ী, নেপালকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে।