নেপালে তুষারঝড়ে ২১ পর্বতারোহীর প্রাণহানি
নেপালের হিমালয় পর্বতে তুষারঝড়ে ১০ বিদেশিসহ ২১ পর্বতারোহীর প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় শতাধিক পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, গত মঙ্গলবার হিমালয়ের অন্নপূর্ণা এলাকা থেকে ফেরার সময় ঘূর্ণিঝড় হুদহুদের কবলে পড়ে পর্বতারোহীদের একটি বড় দল। এর আগে তাঁরা মাউন্ট ধাউলাগিরি পর্বতের ওপরের বিশাল শিলাখণ্ড মাপার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা বলেন, গতকাল বুধবার প্রত্যন্ত মুসতাং ও মানাং জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধারকারীরা বরফের স্তূপে আটকে পড়া ২৭ আরোহীকে দেখতে পান।
নিহত আরোহীদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক আটজন নেপালের, ইসরায়েলের দুই, পোল্যান্ডের এক ও ভিয়েতনামের একজন রয়েছেন। এ ছাড়া, মানাং জেলার কাছে পর্বতের চূড়া থেকে শিলাসহ নিচে পড়ে গিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। মঙ্গলবার একই এলাকায় আরেক তুষারধসে তিন নেপালি কৃষকের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা গণেশ রায় বলেন, পর্বতারোহণের জন্য ১৬৮ জন নাম নিবন্ধন করেছিলেন। কর্তৃপক্ষ এখন বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। তিনি বলেন, ‘ওই এলাকায় তিন ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। আমরা মুসতাংয়ে চার বিদেশিসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছি।’
আবহাওয়াবিদেরা জানান, হুদহুদের প্রলম্বিত প্রভাবই ভরা পর্যটনের এই মৌসুমে নেপালে এ ধরনের অস্বাভাবিক খারাপ আবহাওয়ার কারণ।
গত এপ্রিলে মাউন্ট এভারেস্টে ১৬ জন পর্বতারোহী প্রাণ হারান।