নেপালে ধ্বংসস্তূপে প্রাণের আশা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ভক্তপুরে একটি মন্দির থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। ছবি: রয়টার্স
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ভক্তপুরে একটি মন্দির থেকে ধ্বংসাবশেষ পরিষ্কার করছে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। ছবি: রয়টার্স

নেপালের ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে বিবৃতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ছয় হাজার ৬২১ জনে পৌঁছেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল আজ শনিবার এএফপিকে জানান, ভয়াবহ এই দুর্যোগের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে। তাঁরা উদ্ধারকাজ ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন না তাঁরা। ধাকালের তথ্যমতে, ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৪ হাজার ২৩ জনে পৌঁছেছে।

অপ্রতুল ত্রাণের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেপালের ঘরহারা ও ক্ষতিগ্রস্ত মানুষেরা। বাঁচার তাগিদে মরিয়া হয়ে উঠেছে তারা। গত বৃহস্পতিবার সাংগাচকে ত্রাণ নিয়ে আসা একটি গাড়িতে তারা হামলা চালায়। লুট করে নেয় ত্রাণসামগ্রী। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামান্য হওয়ায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ত্রাণ সরবরাহকারী গাড়িগুলোতে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

বৃষ্টিও ত্রাণ সরবরাহে বাধার দিচ্ছে। নেপালের সেনা প্রধান জেনারেল গৌরব রানা ত্রাণকাজের নেতৃত্ব দিচ্ছেন। তিনি গতকাল বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১০-১৫ হাজার হতে পারে।

এএফপি ও বিবিসির খবরে জানানো হয়, নেপালের ভূমিকম্প দুর্গত গ্রামীণ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে অনেক দেরি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। এতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন মাসে নেপালের জন্য জরুরি সহায়তা হিসেবে ৪১ কোটি ৫০ লাখ ডলারের সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ।

গত শনিবার নেপালে আঘাত হানে ৭ দশমিক ৮ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে সাড়ে ছয় হাজার লোকের প্রাণহানির পাশাপাশি ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সরকারের।