নেপালে নতুন ভূমিকম্পে ত্রাণ কার্যক্রম ব্যাহত
নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা গতকাল বুধবার আবার শুরু করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবারের ভূমিকম্পে দেশটিতে অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে প্রায় দুই হাজার মানুষ। নতুন করে ঘটা ভূমিকম্পের পর ত্রাণসহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার মঙ্গলবারের ভূমিকম্পে ভারতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়। নেপালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাহায্য সংস্থাগুলো বলছে, উদ্ধার অভিযান চালানোর জন্য আরও তহবিল দরকার।
গত ২৫ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত লোকজন মঙ্গলবারের ভূমিকম্পে নতুন করে বিপর্যস্ত হয়েছে। ওই ভূমিকম্পের পর এখনো হাজারো নেপালি ঘরে ফিরতে পারেনি। তাদের এখনো রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। প্রথম দফা ভূমিকম্পে কমপক্ষে ৮ হাজার ২০০ জন প্রাণ হারায়।
মঙ্গলবারের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭৬ কিলোমিটার পূর্বে নামচে বাজার শহরের কাছাকাছি। এটি উত্তর ভারত, তিব্বত এবং বাংলাদেশেও অনুভূত হয়। হিমালয়ের পাদদেশে নেপালের দোলাখা ও সিন্ধুপালচোক জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও এবং বিভিন্ন ভবন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। রেডক্রসের মুখপাত্র নিকোলা জোনস বলেন, সিন্ধুপালচকের চৌতারা শহরে বহু মানুষ হতাহত হয়। সেখানে রেডক্রসের একটি হাসপাতালে মানবিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে শত শত মানুষ চিকিৎসা নিতে যাচ্ছে। আহত বহু মানুষের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তা রিচার্ড রিগ্যান বলেন, নেপালে নতুন করে ঘটা ভূমিকম্পের পর ত্রাণসহায়তা কার্যক্রম ব্যাহত হয়েছে। জাতিসংঘের অধীন অনেক সংস্থার তহবিলে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। নেপালের কিছু কিছু দুর্গম অংশে পৌঁছানো এত কঠিন যে সেখানকার দুর্গত মানুষের প্রকৃত অবস্থা কী, তা বোঝা যাচ্ছে না। তবে ধারণা করা হয়, বিপর্যয়ের মাত্রা ভয়াবহ।
দোলাখার সরকারি কর্মকর্তা প্রেম লাল লামিচানে সেখানকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে জরুরি ত্রাণ পৌঁছানোর জন্য ত্রাণসামগ্রী ও হেলিকপ্টারের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাঁদের।
এদিকে আটজন আরোহী নিয়ে নিখোঁজ একটি মার্কিন হেলিকপ্টারের জন্য অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। দোলাখার চারিকোট শহরের কাছে গত মঙ্গলবার ত্রাণ বিতরণ করতে গিয়ে মার্কিন মেরিন সেনাদের ওই আকাশযানটি নিখোঁজ হয়।