নেপালে নতুন সংবিধান পাস
নেপালের পার্লামেন্টে নতুন জাতীয় সংবিধান পাস হয়েছে। তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পার্লামেন্টের স্পিকার সুভাষ নেংবাম বহু প্রতীক্ষিত সংবিধান পাসের ঘোষণা দেন। খবর এএফপির।
পার্লামেন্টে গতকাল ৫৯৮ জন আইনপ্রণেতার মধ্যে ৫০৭ জন সংবিধান পাস করার পক্ষে ভোট দেন। রোববার থেকে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় গতকাল সন্ধ্যায়।
নতুন সংবিধানে হিমালয়কন্যা নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রভাব কমিয়ে আনতেই এ নতুন ধারার প্রবর্তন করার কথা বলা হলেও বিশ্লেষকদের অনেকেই বলছেন, এর ফলে কয়েকটি ছোট সংখ্যালঘু গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। দেশটির দক্ষিণের সমতল এলাকার মদেশীয় ও থারু সম্প্রদায় অভিযোগ করেছে, সংবিধান অনুযায়ী নতুন প্রদেশ সৃষ্টির ফলে তারা কেন্দ্রে প্রতিনিধিত্বশূন্য হয়ে যাবে।
গত জুন মাসে সংবিধান তৈরিতে বিবদমান দলগুলো একমত হওয়ার পর থেকেই এ দুই সম্প্রদায়ের মানুষ তীব্র আন্দোলন শুরু করে। খসড়া সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভে কয়েক দফায় ৪০ জনের বেশি নিহত হয়। এর মধ্যে ১১ পুলিশ সদস্যও ছিলেন।
শিশুসহ চারজন নিহত: নেপালের লুম্বিনি এলাকার রুপংদেহি জেলায় গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে চার বছরের শিশুসহ চারজন নিহত হয়েছে। দেশটির প্রস্তাবিত সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে আয়োজিত সমাবেশে পুলিশ গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।