নেপালে গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে। এতে হতাশা ব্যক্ত করে নিজেরা যা পাচ্ছেন, তা নিয়েই ধ্বংসস্তূপ থেকে হতাহত স্বজনদের বের করে আনার চেষ্টা করছেন স্থানীয় লোকজন।
ইতিমধ্যে নেপালে দেখা দিয়েছে খাবার, পানি ও বিদ্যুতের সংকট। এতে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৫৭ জনে। তবে এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। গতকাল দেশটিতে এক তুষারধসের ঘটনায় আড়াই শ জনের মতো নিখোঁজ হয়েছেন। আর ভূমিকম্প দুর্গতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপির।
প্রচণ্ড ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ত্রাণ-সহায়তা পৌঁছানো শুরু করেছে নেপালে। কিন্তু রাজধানী কাঠমান্ডুর একমাত্র বিমানবন্দর সেই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এ কারণে ত্রাণসামগ্রী বিমানবন্দর থেকে বের করে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছানোর প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ বলছে, দেশটির ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি।
প্রধানমন্ত্রী সুশীল কৈরালা গতকাল বলেন, ‘উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে সম্ভব সবকিছুই করছে সরকার। আমরা যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছি। এটা আমাদের জন্য খুব কঠিন ও চ্যালেঞ্জিং একটা সময়।’ তিনি স্বীকার করেন, পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ৫ হাজার ৫৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এতে আহত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়। তবে প্রধানমন্ত্রী কৈরালা বলেন, ‘মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। কারণ, প্রত্যন্ত গ্রামগুলো থেকে নিহতের সংখ্যা এখনো জানা যাচ্ছে না।’
উদ্ধারকাজে ধীরগতির পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ-সংকট দেখা দেওয়ায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জাতিসংঘ বলছে, অন্তত ১৪ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাবার ও পানি প্রয়োজন। ভূমিকম্পে অন্তত ৩৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১টি জেলার পরিস্থিতি ভয়াবহ।
যুক্তরাষ্ট্রের চিকিৎসক রেবেকা ম্যাকআটিয়ার ভূমিকম্পের কেন্দ্রস্থল গোরখা জেলা থেকে জানান, ওই জেলার ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, প্রত্যন্ত এলাকাগুলোতে হেলিকপ্টার থেকে তাঁবু, শুকনো খাবার ও ওষুধ ফেলা হচ্ছে। যদিও কোনো জায়গায় হেলিকপ্টার থেকেও খাবার ফেলা সম্ভব হচ্ছে না।
এদিকে উদ্ধার তৎপরতায় ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। কাঠমান্ডুতে বিধ্বস্ত ধরহারা টাওয়ারে ভাই ও শ্যালিকাকে খুঁজছেন প্রদীপ সুবা। তিনি বলেন, ‘হতাহত স্বজনদের নিজেরাই খুঁজে বের করার চেয়ে সরকারের সহায়তার জন্য অপেক্ষা করা অনেক বেশি কষ্টদায়ক।’ মুখে মাস্ক লাগিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ২৭ বছর বয়সী এক যুবক। তিনি বলেন, ‘এই হাতই আমাদের একমাত্র যন্ত্র। সরকার বা সেনাবাহিনীর কেউ-ই আমাদের সাহায্য করতে আসেনি।’
তুষারধসে নিখোঁজ ২৫০: কাঠমান্ডুর উত্তরে গতকাল রাসুয়া জেলার প্রত্যন্ত গ্রাম ঘোদাতাবেলায় তুষারধসের ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন আড়াই শ জনের মতো। তাঁদের মধ্যে বিদেশি পর্যটকেরা থাকতে পারেন। স্থানটি জনপ্রিয় একটি পর্যটনস্থল। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
নেপাল ভ্রমণ না করার পরামর্শ: বার্তা সংস্থা বাসস জানায়, নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের সে দেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। এতে বলা হয়, ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার বাংলাদেশের নাগরিকদের সে দেশ ভ্রমণে নিরুৎসাহিত করছে।