নেপালে পতনের মুখে সরকার
নতুন করে রাজনৈতিক সংকটের মুখে পড়েছে নেপাল। গতকাল বুধবার ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক ও দেশটির প্রধান মাওবাদী দল বলেছে, তারা নতুন সরকার গঠনের পরিকল্পনা করছে।
এতে কয়েক মাস ধরে সংকটের আবর্তে ঘুরপাক খাওয়া প্রধানমন্ত্রী কে পি ওলি অনেকটাই একঘরে হয়ে পড়লেন। অত্যাসন্ন হুমকিতে পড়লেন ক্ষমতা হারানোর।
নতুন সংবিধানের বিরুদ্ধে নেপালের দক্ষিণের সমভূমি এলাকার মদেশীয়দের চলা বিক্ষোভের অবসান ও গত বছর প্রলয়ংকরী ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ প্রচেষ্টা জোরদারের প্রতিশ্রুতি দিয়ে গত অক্টোবরে প্রধানমন্ত্রী ওলি (৬৪) মাওবাদীদের সমর্থন নিয়ে ক্ষমতাসীন হন।
তবে ওলির বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান ক্ষোভে মাওবাদীরা এ চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে যে চলমান সাংবিধানিক অচলাবস্থা নিরসনে তিনি অন্যতম প্রতিবন্ধক। ২০০৬ সালে এই মাওবাদীরা নেপালের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়। এর আগে এক দশক ধরে বিদ্রোহী কর্মকাণ্ড চালায় তারা।
ভারত সীমান্তবর্তী নেপালের নিম্নাঞ্চলের বাসিন্দা সংখ্যালঘু মদেশীয়রা গত বছর নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে ভারতের সঙ্গে দেশটির পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ একটি স্থলপথ চার মাস ধরে অবরুদ্ধ করে রাখে তারা। এতে প্রতিবেশী দেশটি থেকে অপরিহার্য বিভিন্ন পণ্যের চালান ঢুকতে না পেরে বিশেষত তীব্র জ্বালানি সংকটে পড়ে নেপাল।
নেপালের নতুন সংবিধানে দেশটিকে সাতটি কেন্দ্রশাসিত রাজ্যে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব নিয়েই মূলত ক্ষোভ মদেশীয়দের। তারা দাবি করে, এ ব্যবস্থা তাদের মাতৃভূমিকে ভাগ করে ফেলবে এবং দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়বে। মদেশীয়দের সঙ্গে ভারতের কিছু গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
মদেশীয়দের বিক্ষোভ-অবরোধ চলাকালে নেপাল সরকার অভিযোগ করে, তাদের ইন্ধন জোগাচ্ছে ভারত। ভারতই অনানুষ্ঠানিকভাবে ওই অবরোধ চাপিয়েছে। দীর্ঘ চার মাস পর নেপাল সরকারের নমনীয়তা ও মদেশীয়দের দাবি বিবেচনার আশ্বাসে ওই অবরোধের অবসান ঘটে।
ওই সাংবিধানিক সংকট গতকাল থেকে আবারও নতুন করে জট পাকিয়েছে। তবে এবার মদেশীয় নয় মাওবাদীদের কারণে। নেপালের জোট সরকারের প্রধান শরিক মাওবাদীদের প্রধান দল ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)’-এর প্রভাবশালী নেতা নারায়ণ কাজি শ্রেষ্ঠা বলেন, ‘আমাদের দল নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আলোচনার মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে চলা নজিরবিহীন রাজনৈতিক সংকট সমাধান করতে আমাদের সহায়তায় এগিয়ে আসার জন্য অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী ওলির সরকারে মাওবাদী এই দলটির প্রভাবই বেশি।
শ্রেষ্ঠা আরও বলেন, প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস প্রধানমন্ত্রী ওলিকে অপসারণে মাওবাদী নেতা প্রচণ্ডকে সমর্থনদানের প্রস্তাব দিয়েছে। মাওবাদীরা বলছে, জোট সরকার থেকে নিজেদের মন্ত্রীদের প্রত্যাহার করে নেওয়ার আগে প্রধানমন্ত্রী ওলির সাড়ার অপেক্ষায় রয়েছে তারা।
এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসের আইনপ্রণেতা প্রকাশ শরণ মহৎ বলেন, প্রধানমন্ত্রী ওলির স্থানে কাকে বসানো যেতে পারে, তা নিয়ে তাঁরা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তিনি বলেন, ওলি তাঁর প্রতিশ্রুতিগুলো রক্ষায় ব্যর্থ হয়েছেন।
এসব বিষয়ে ওলির ইউনিফাইড মার্ক্সিস্ট-লেনিনিস্ট পার্টির (ইউএমএল) পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে কয়েক মাস ধরে তাঁর ক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে।
রয়টার্স