নেপালে পুলিশের গুলিতে শিশুসহ নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভকালে পুলিশের গুলিতে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রুপানদেহি জেলায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। চলতি সপ্তাহে ওই নতুন সংবিধান কার্যকর হওয়ার কথা।
পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রলবোমা ও পাথর ছোড়ে। তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। স্থানীয় একটি পুলিশ স্টেশন ভাঙচুর করে। এরপর পুলিশ গুলি ছোড়ে।
জেলা পুলিশের প্রধান রাজেন্দ্র ধাকাল বার্তা সংস্থা এএফপির কাছে দাবি করেন, পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে চার বছরের এক শিশু রয়েছে।
একটি নতুন সংবিধানের ব্যাপারে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নেপালের দক্ষিণাঞ্চলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৪০ জনের বেশি লোক নিহত হয়েছে।