নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে ভারী বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে ৩৩ জন মারা গেছে। অনেকে নিখোঁজ। আজ বুধবার নেপালের এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়।

ভারী বর্ষণের কারণে দেশটিতে নদীর পানি বেড়ে বন্যা ও ভূমিধস হয়েছে। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি স্কুলের অংশবিশেষ ধসে পড়লে দুটি শিশু প্রাণ হারায়।
গত সোমবার থেকে বন্যা আর ভূমিধসের কারণে ৩৩ জনের মৃত্যু ও আরও ২৩ জন নিখোঁজ হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। উদ্ধারকারীরা বন্যাকবলিত গ্রামগুলো থেকে লোকজনকে উদ্ধারে হেলিকপ্টার ও রাবারের নৌকা ব্যবহার করছেন।
গত বছর ভয়াবহ ভূমিকম্পের পর থেকে লাখো নেপালি এখনো তাঁবু বা অস্থায়ী আশ্রয়ে বাস করছে। গত বছর ভূমিকম্পে দেশটিতে প্রায় নয় হাজার মানুষ মারা যায়। তথ্যসূত্র: এএফপি।