নেপালে বন্যার পানি কমছে, মৃতের সংখ্যা বেড়ে ৯০
ভয়াবহ বন্যায় নেপালে গতকাল রোববারও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা এবং এ কারণে সৃষ্ট ভূমিধসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০। বন্যার কারণে আরও অন্তত ৪০০ পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে।
গতকাল কাভরিতে সাত বছরের এক শিশু মারা যায় ভূমিধসে। মোরাংয়ে বন্যার পানিতে পড়ে মারা যায় দুটি মেয়েশিশু। এ ছাড়া ঝাপার মায়াগদিতে দুই বৃদ্ধের মৃত্যু হয়।
গত শনিবার নেপালের পানি ও আবহাওয়া বিভাগ জানায়, দেশের প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করেছে। এ বিভাগের পানিসম্পদ বিশেষজ্ঞ বিনোদ পারাজুলি বলেন, দেশের প্রধান নদীগুলোতে যে ৪১টি স্টেশন আছে, সেগুলোর কোনোটিতেই বিপৎসীমার ওপর দিয়ে পানি বইছে না। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় জনদুর্ভোগ বাড়ছে। বন্যা-উপদ্রুত মানুষের জন্য ত্রাণসামগ্রীর অভাবের অভিযোগ আছে। গত সপ্তাহ থেকে কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পার্বতী মণ্ডল নামের সরকারপুরের এক অধিবাসী বলছিলেন, ‘পুরো গ্রামে পানি। আমাদের কাছে খাবার কিছু নেই। কয়েক দিন আগে সরকারের পক্ষ থেকে কিছু খাবার দেওয়া হয়েছিল। কিন্তু এখন কিছুই নেই।’