নেপালে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যের বিভক্তি নিয়ে নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের শহর সুরখেতে বিক্ষোভ গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। এ প্রেক্ষাপটে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপির।
নেপালে গত শনিবার প্রধান রাজনৈতিক দলগুলো দেশটিকে ছয়টি রাজ্যে বিভক্ত করার বিষয়ে এক ঐতিহাসিক চুক্তি করে। ছয় রাজ্যের সীমারেখা নির্ধারণে দেখা যায়, এতে পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। এর প্রতিবাদে গত সোমবার সুরখেতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে তাদের ওপর পুলিশ গুলি চালায়। এতে মারা যায় দুই বিক্ষোভকারী।
সোমবারের ঘটনার প্রতিবাদে গতকাল সুরখেত শহরের স্কুল-কলেজ, দোকানপাট ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
গতকালের বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় শিক্ষক তেজ বিক্রম সামনে বলেন, ‘আমাদের দাবি, অভিন্ন মধ্য-পশ্চিমাঞ্চল। এই দাবিতে আমরা বিক্ষোভ চালিয়ে যাব।’
এদিকে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা জনগণকে শান্ত হওয়ার অনুরোধ করেছেন। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেওয়া এক যুক্ত বিবৃতিতে কৈরালা এ বিষয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করব আমরা।’