নেপালে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের দক্ষিণাঞ্চলে গত শনিবার নতুন সংবিধান নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন বিক্ষোভকারী। সংঘর্ষে পুলিশসহ ৪০ জনের বেশি আহত হয়েছেন। খবর এএফপির।
নেপালে সম্প্রতি গৃহীত নতুন সংবিধান নিয়ে গত কয়েক মাস ধরে সংকট চলছে। এ হতাহতের ঘটনায় তা আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নেপালের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা গতকাল রোববার জানান, শনিবার সপ্তরি জেলায় পুলিশের নির্দেশ অমান্য করে বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে একটি মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
জ্বালানি ও অন্য অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল প্রতিবেশী ভারতের ওপর অনেকখানি নির্ভরশীল। নেপালে দীর্ঘ সরকারবিরোধী বিক্ষোভ ও ভারতীয় বংশোদ্ভূত মদেশীয়দের অবরোধের কারণে বীরগঞ্জ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে নেপালে পণ্য সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সংখ্যালঘু মদেশীয়রা মূলত নেপালের দক্ষিণের সমতলের বাসিন্দা। তাদের ধারণা, নতুন সংবিধানে যেভাবে নতুন সাত রাজ্যের সীমানা চিহ্নিত করা হয়েছে, তা তাদের রাজনৈতিকভাবে আরও প্রান্তিক অবস্থায় ঠেলে দেবে। নতুন সংবিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি বাসিন্দা নিহত হয়েছে দেশটিতে।