নেপালে বিক্ষোভের পর নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ মঙ্গলবার নেপালের মধ্য পশ্চিমাঞ্চলে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুরখেতের স্কুল, কলেজ ও দোকানপাট বন্ধ রয়েছে।

এএফপির খবরে জানানো হয়, নেপালের প্রস্তাবিত নতুন সংবিধানে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন জনগণ। প্রস্তাবিত নতুন সংবিধানে নেপালের মধ্য পশ্চিমাঞ্চলকে ভেঙে দুটি রাজ্য করার কথা বলা হয়েছে।

নেপালের পুলিশবাহিনীর মুখপাত্র কামাল সিং বাম বলেন, সুরখেতে শতাধিক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। যেকোনো সময় পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে।
বাম দাবি করেন, গতকাল বিক্ষোভকারীরা যখন স্থানীয় পার্লামেন্ট সদস্যের বাড়িতে হামলার চেষ্টা করে, পুলিশ তখন বাধ্য হয়ে গুলি ছোড়ে।

গত শনিবার নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো দেশটিকে ছয়টি রাজ্যে বিভক্ত করার বিষয়ে এক ঐতিহাসিক চুক্তি করে। ছয় রাজ্য হওয়ায় এখন এ অঞ্চলটি দুই রাজ্যে ভাগ হয়ে যাচ্ছে।

সুরখেতের বিক্ষোভকারী শিক্ষক তেজ বিক্রম বাসনেত বলেন, নেপালের মধ্য পশ্চিমাঞ্চলকে তাঁরা অবিভক্ত রাখতে চান। তিনি বলেন, এই বিক্ষোভ যাতে শান্তিপূর্ণ হয়, এ ব্যাপারে তাঁরা চেষ্টা করছেন।