নেপালে বিপুল জয়ের পথে বাম জোট

নেপালের জাতীয় নির্বাচনে জয়ের পথে রয়েছে বামপন্থী জোট। সাবেক মাওবাদী বিদ্রোহী এবং কমিউনিস্ট দল এই জোট করে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। প্রথম দফায় গত ২৬ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর নেপালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই নির্বাচনকে রাজতন্ত্রের বিলুপ্তি এবং গৃহযুদ্ধের পর গণতন্ত্রের পথে যাত্রা হিসেবে মনে করা হচ্ছে। গত নয় বছরে নেপালে প্রধানমন্ত্রী পদে রদবদল হয়েছে ১০ বার। বিশৃঙ্খলার সুযোগে দেশটিতে বেড়েছে দুর্নীতি। অর্থনৈতিক অগ্রগতিও থমকে যায়। দশকব্যাপী রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষে একটা কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেশটির উত্তরণের ক্ষেত্রে এ নির্বাচনকে এক চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পর গণনা থেকে দেখা যায়, ৮০টি আসনের মধ্যে ৬৩টিতে এগিয়ে আছে বামপন্থীরা। এ পর্যন্ত ফলাফলে দেখা যাচ্ছে, বামপন্থীরা স্পষ্ট এগিয়ে আছে।
নেপালের নিকট অতীতে সরকার চালায় তিন প্রধান দল। এর মধ্যে নেপাল কমিউনিস্ট পার্টি মাওবাদী দল ঐক্য করেছে নেপাল কমিউনিস্ট পার্টির (ইউএমএল) সঙ্গে। এদের পরিচয় বাম জোট নামে। আর মে মাসের ওই নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সদ্য সাবেক কিন্তু বর্তমানে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস ঐক্য গড়েছে ছোট কয়েকটি দলের সঙ্গে। এদের পরিচয় ‘গণতান্ত্রিক জোট’ নামে।
শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস ভারতপন্থী হিসেবে বিবেচিত। আর বাম জোট চীনঘেঁষা।
দুটি শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের মাঝে নেপাল অনেকটা বাফার স্টেট। কোন জোট ক্ষমতায় আসে তার ওপর নির্ভর করছে চীন না ভারত, কে ওই এলাকায় আধিপত্য বিস্তার করবে।
২০০৬ সালে গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় নেপাল। এর দুই বছর পর প্রায় আড়াই শ বছরের হিন্দু রাজতন্ত্রের বিলুপ্তি হয়।
জাতীয় পত্রিকা ডেইলি নাগরিকের সম্পাদক গুনা রাজ লুইনতেল বলেন, এটা অনেকটা নিশ্চিত যে বামপন্থীরা বিজয়ী হতে যাচ্ছে। প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বামপন্থীরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। এটা হবে তাদের জন্য বড় ধরনের সফলতা।
ভোটের ভিত্তিতে ১৬৫টি আসনের ফলাফল নির্ধারিত হবে। বাকি ১১০টি আসন নির্ধারিত হবে ভোটের আনুপাতিক হারে।