নেপালে বেহালে হিজড়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে অন্য সব নেপালির মতো মায়াও আশ্রয়হীন। কিন্তু শরণার্থী শিবিরে তাঁর ঠাঁই নেই। মায়ার অসহায়ত্ব আর দুরবস্থায় সবাই মায়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা নয়, বরং দূর দূর ভাব। এখানে মায়ার জন্মগত পরিচয়টাই তাঁর কাল। তিনি কুলকপাল হারানো এক হিজড়া।
এ ব্যাপারে মায়া বলেন, ‘যখনই ওই ক্যাম্পের সবাই আমার পরিচয় জেনে গেল, অমনি তারা মুখ ফিরিয়ে নিল।’ তিনি বলেন, ‘না, তারা আমাকে গালমন্দ করেনি। তাদের হাবভাব ও চেহারাই বলে দেয় আমাকে তারা থাকতে দিতে চায় না।’
মায়ার মতো এমন ভুক্তভোগী নেপালে প্রচুর। গত ২৫ এপ্রিল আঘাত হানা ওই শক্তিশালী ভূমিকম্পে আট হাজারের বেশি লোক নিহত হয়। ২০ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসহ ত্রাণসহায়তা জরুরি হয়ে পড়ে। সমস্যার জাল ছড়ায় অনেক দূর। পাহাড়ে যারা আটকা পড়ে, তাদের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ে। আর রাজধানী কাঠমান্ডুতে সমস্যা অন্য রকম। মায়ার মতো যারা অন্য দশজন থেকে ভিন্ন রকম, তারা যেন অস্পৃশ্য। সাধারণের মধ্যে তাদের স্থান নেই।
তবে এ ঘটনা জানাজানি হওয়ার পর সম্প্রতি রেডক্রস সোসাইটিসহ বেশ কিছু সংস্থা হিজড়াদের সহায়তার জন্য আলাদা ক্যাম্প তৈরি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে মায়া কে সির বরাত দিয়ে জানানো হয়, শুরুতে যে ক্যাম্পে তিনি ছিলেন, সেখানে সবাই জেনে গিয়েছিল যে তিনি হিজড়া। এ কারণে সবাই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
২৮ বছর বয়সী মায়া বলেন, ‘তারা আমাকে কোনো কটু কথা বলেনি। তবে ওই ক্যাম্পের মানুষের আচার-আচরণে আমি বুঝে গিয়েছিলাম যে, তারা এখানে আমাকে থাকতে দিতে চায় না।’
গত ২৫ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় হিমালয়কন্যা নেপালের অনেক এলাকা। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৮। এতে নেপালে প্রায় আট হাজার মানুষের প্রাণহানি ঘটে। নেপালে ৮০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পের কারণে দেশটিতে এখন খাদ্য, সুপেয় পানি ও আশ্রয়সহায়তা খুব জরুরি হয়ে পড়েছে।

নেপালের রেডক্রস সোসাইটির কর্মকর্তা দিব্যা রাজ পোরেল বলেন, ভূমিকম্পে অন্য লোকজনের চেয়ে হিজড়া ও সমকামীরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। তাঁদের জন্য ১৫টি ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পে তাঁদের পাশাপাশি যাঁরা পরিবার থেকে কোনো সহায়তা পাননি ও যাঁরা একা হয়ে পড়েছেন, তাঁদেরও সহায়তা দেওয়া হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, ত্রাণ পেতে হিজড়া ও সমকামীরাই শুধু সংগ্রাম করছেন, তা নয়; বরং যে নারীরা পরিবারের প্রধান, নিম্নবর্ণের মানুষ, আদিবাসী ও শারীরিকভাবে প্রতিবন্ধী, ব্যাপক সংগ্রাম করে এই পরিস্থিতিতে টিকে আছে।

২০০৬ সালের পর থেকে নেপালে হিজড়া ও সমকামীদের অধিকারের বিষয়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইন প্রণয়ন হয়নি। নেপালে এখন হিজড়া ও সমকামীদের সংখ্যাটা প্রায় তিন লাখ ৫০ হাজার। যাদের বেশির ভাগই নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন।

তবে হিজড়া ও সমকামীদের প্রতি বৈষম্য নিরসন ও তাঁদের অধিকার রক্ষায় সুনির্দিষ্ট আইন তৈরি করার জন্য ২০০৭ সালে দেশটির সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিলেন। এতেও তেমন কোনো সাড়া দেয়নি দেশটির সরকার।

নেপালের বাসিন্দা সমকামী লক্ষ্মী ঘালান বলেন, ‘হিজড়া ও সমকামীদের অধিকার রক্ষায় অনেক কিছুই করার আছে। এ বিষয়ে দেশের মানুষের মানসিকতা খুবই ধীরগতিতে পরিবর্তন হচ্ছে। এমনকি রাজনীতিকেরাও ভোটের জন্য আমাদের ব্যবহার করে, অথচ আমাদের অধিকার রক্ষায় যা করছে তা যৎসামান্য।’

দেশটির বর্তমান পরিস্থিতিতে দেখা গেছে, হিজড়া ও সমকামীদের মধ্যে যারা যৌনকর্ম করে জীবিকা নির্বাহ করতেন, ভূমিকম্পের পর তাঁদের সেই কাজ বন্ধ হয়ে গেছে। এতে তাঁদের জীবন চালানোই এখন কষ্টকর হয়ে গেছে। সম্প্রতি তাঁদের জন্য যে ক্যাম্প তৈরি করা হয়েছে, এতে রাখা হয়নি কোনো শৌচাগার।

ভূমিকম্পের পর দেশটির ব্লু ডায়মন্ড সোসাইটি নামের একটি সংস্থা হিজড়া ও সমকামীদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ও তাঁদের আহত-নিহতের পরিসংখ্যান করেছে—এই সংস্থাটির নির্বাহী পরিচালক মনীষা ধাকাল বলেন, ‘এই মুহূর্তে তাঁদের (হিজড়া ও সমকামীদের) জন্য খাবার, কম্বল, কাপড় ও ওষুধ জরুরি প্রয়োজন।’