ভারতবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হিমালয়কন্যা নেপাল। নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের ওপর ভারতের অনানুষ্ঠানিক ‘অবরোধ আরোপ’ ও অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানোর’ অভিযোগের প্রতিবাদে ফেটে পড়েছে নেপালিরা। খবর রয়টার্সের।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেব্ল টিভি অপারেটররা।
নেপালে বহুল প্রতীক্ষিত নতুন সংবিধান অনুমোদনের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে নতুন সংকটের সৃষ্টি হয়েছে। সংবিধানে সংশোধনী আনার দাবিতে আন্দোলন করছে দক্ষিণাঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়গুলো। এ সংবিধানে নেপালকে সাতটি প্রদেশে বিভক্ত করা হয়েছে। এর বিরোধীরা তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার ভয়ে শঙ্কিত।
গতকাল সকাল ১০টা থেকে নেপালে ভারতীয় টিভি চ্যানেলের প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব নেপাল কেব্ল টেলিভিশন অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল কুমার লামা বলেন, এই সিদ্ধান্ত ভারতের ‘অনানুষ্ঠানিক অবরোধের’ প্রতিবাদে নেওয়া হয়েছে।
এর আগে কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ায়। তারা ‘ভারতীয় সম্প্রসারণবাদ’ ও মোদির বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করা এবং নেপালের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ‘নাক গলানো’ বন্ধের দাবি করে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের সামনে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে।