নেপালে ভূমিকম্পে নিহত ৪৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে ভূমিকম্প
নেপালে ভূমিকম্প

নেপালে আজ শনিবার দুপুরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪৪৯ জন মানুষ নিহত হয়েছে। তাঁদের অধিকাংশই রাজধানী কাঠমান্ডুর নাগরিক। দেশটির পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক কামাল সিং বাম বলেন, ‘ভূমিকম্পে মৃত্যের সংখ্যা অন্তত ৪৪৯ জন।’
এর আগে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন অনলাইন ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা দেড় শতাধিক বলে জানায়।
রয়টার্সের খবরে বলা হয়, ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প নেপালে আঘাত হানে। এতো শক্তিশালী ভূমিকম্প ৮১ বছরের মধ্যে এটাই প্রথম।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও জোরালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর আসছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ জন নিহত হয়েছে বিহারে।

ছবি: এএফপি
ছবি: এএফপি

নয়াদিল্লিসহ ভারতের পুরো সীমান্ত এলাকাজুড়ে ভূ-কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ, বিহার ও সিকিমেও এ কম্পন অনুভূত হয়। দেশটির বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তীব্রতা ৭ দশমিক ৯।
ভূমিকম্পে কাঠমান্ডু ও পোখারায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঠমান্ডুর প্রসিদ্ধ দারাহারা ভবনটি ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপে অন্তত ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে জানানো হয়, ভূমিকম্প ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এতে কাঠমান্ডুতে হতাহতের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক ভবন ধসে গেছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র ধীরে ধীরে স্পষ্ট হবে।