নেপালে ভূমিকম্পে বিধ্বস্ত স্কুলগুলো আবার খুলছে

নেপালে গত এপ্রিল মাসের ভয়াবহ ভূমিকম্পের পর বিধ্বস্ত স্কুলগুলো খুলতে শুরু করেছে। আবার শ্রেণিকক্ষগুলো মুখর হয়ে উঠছে শিশুদের কলকণ্ঠে। ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ওই ভূমিকম্পে নেপালের কয়েক হাজার স্কুল বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।
স্কুলগুলো খোলার পর প্রথম দিকে ভূমিকম্পের কবলে পড়া শিশুদের কেমন করে উদ্ধার করতে হবে শিক্ষক ও কর্মীসহ সবাইকে তার প্রশিক্ষণ দেওয়া হবে।
দুই দফা ভূমিকম্প এবং বেশ কয়েকবারের পরাঘাতে স্কুলগুলোর ২৫ হাজারের বেশি শ্রেণিকক্ষ ধ্বংস হয়। গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার প্রথম এবং ১২ মের দ্বিতীয় দফা ভূমিকম্পে আট হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
ভূমিকম্পের পর নেপাল সরকার রাজধানী কাঠমান্ডু এবং এর আশপাশের ভূমিকম্প আক্রান্ত এলাকার সব স্কুল মে মাসের জন্য বন্ধ করে দেয়। গৃহহীন পরিবারগুলোর দুর্গতির কথা ভেবেই এ ব্যবস্থা নেয় সরকার। ভূমিকম্পে নেপালের গোর্খা, সিন্ধুপালচক এবং নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মনে করা হয়, এসব এলাকার ৯০ শতাংশ স্কুলই ধ্বংস হয়েছে। নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা লাভেদেও আওয়াস্তি বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে নির্মিত অস্থায়ী শ্রেণিকক্ষগুলো আগামী দুই বছর চালু থাকবে। এর মধ্যে নতুন ভবন গড়ে উঠবে।’
স্কুলগুলো খুললেও ক্লাসের সময় সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্প আক্রান্ত শিশু শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চাপ দূর করতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডই চলবে বেশি সময় ধরে। ইউনিসেফ এ জন্য খেলার সামগ্রী এবং ছবির বই দিয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির শিশু উন্নয়ন বিশেষজ্ঞ শিবা ভূসাল বলেন, বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী পেয়ে শিশুরা বেশ খুশি।
ইউনিসেফের হিসাব অনুসারে, মাধ্যমিক স্তরে নেপালে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এমনিতেই খুব বেশি। দেশটিতে ৫ থেকে ১৬ বছরের শিশুদের মধ্যে ১২ লাখ শিশু হয় কখনোই স্কুলে যায় না বা ঝরে পড়ে।