নেপালে ভূমিকম্পের ধাক্কায় বেসামাল অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে নেপালের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠনের ব্যয়ভার বহন করার সক্ষমতা দেশটির নেই। ছবি: এএফপি
ভূমিকম্পে নেপালের অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠনের ব্যয়ভার বহন করার সক্ষমতা দেশটির নেই। ছবি: এএফপি

এশিয়ার অন্যতম দরিদ্র দেশ নেপালে স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে মানবিক বিপর্যয় ঘটেছে। একই সঙ্গে চরম বিপর্যয়ের মুখোমুখি দেশটি অর্থনীতি। 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠার মতো সামর্থ্য নেপালের নেই। বিদেশি সহায়তাই দেশটির ভরসা। ভূমিকম্পের ধকল সামলাতে হিমালয় দুহিতার অনেক বছর লেগে যাবে।
কয়েক দশকের গৃহযুদ্ধ শেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল নেপাল। এমন প্রেক্ষাপটে গত শনিবার দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। নিহত মানুষের সংখ্যা এরমধ্যে পাঁচ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে উদ্ধারকাজ চলছে ধীরগতিতে। দেখা দিয়েছে খাবার, পানি ও বিদ্যুতের সংকট। রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘ বলছে, ভূমিকম্পে নেপালের অন্তত ৩৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১টি জেলার পরিস্থিতি ভয়াবহ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্য, ভূমিকম্পে দেশটির ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থনীতিবিদ রাজিব বিশ্বাসের ভাষ্য, এমনিতেই নেপাল খুব গরিব, তার ওপর এই ভূমিকম্প দেশটির অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে। নিজের সম্পদ দিয়ে ত্রাণ ও পুনর্গঠনের ক্ষমতা দেশটির নেই।
ভূমিকম্পে নেপালের অবকাঠামো-ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্গঠন কাজে হাজারো কোটি ডলার ব্যয় হবে। তাতেও অনেক বছর লেগে যাবে। এই ব্যয়ভার বহন করার ক্ষমতা নেপালের নেই।
এই মুহূর্তে নেপালের দরকার ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহায়তা। এরপর দরকার পড়বে বড় মাপের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার।
নেপালের অর্থনীতির ওপর ভূমিকম্পের প্রভাবকে গুরুতর হিসেবে বর্ণনা করছেন অর্থনীতিবিদেরা। তাঁর বলছেন, নেপালের সামনে কঠিন সময়। প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়বে। নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম বাড়তে শুরু করবে। অনেক পরিবার নিঃশেষ হয়ে গেছে। তাঁদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
নেপালের প্রধান নির্ভরতা পর্যটনশিল্প। ভূমিকম্পে এই খাতটি বিরাট ঝুঁকির মুখে পড়েছে। এই বিরূপ প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়বে।