নেপালে ভূমিকম্পের পর নতুন যে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের নুয়াকোট জেলার গেরখু গ্রামে এ রকম তাঁবুর নিচে অস্থায়ী প্রসূতি সদন কেন্দ্রে মায়েদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের পর এই চিকিৎসাকেন্দ্রগুলো তৈরি করা হয়। ছবিটি ১৫ জুলাই তোলা। ছবি: এএফপি
নেপালের নুয়াকোট জেলার গেরখু গ্রামে এ রকম তাঁবুর নিচে অস্থায়ী প্রসূতি সদন কেন্দ্রে মায়েদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের পর এই চিকিৎসাকেন্দ্রগুলো তৈরি করা হয়। ছবিটি ১৫ জুলাই তোলা। ছবি: এএফপি

মাঝরাতে হঠাৎ ব্যথা শুরু হয় সন্তানসম্ভবা জুনু শ্রেষ্ঠার। সহযোগিতার আশায় পথে নামলেন তিনি। চারদিকে ভূমিকম্পের ছোবল। কাদাভরা পথ। এর মধ্য দিয়েই কায়ক্লেশে চলতে লাগলেন তিনি। সহযোগী শুধু শাশুড়ি। ঘণ্টা দুয়েক অন্ধকারে হোঁচট খেতে খেতে পৌঁছালেন চিকিৎসকদের অস্থায়ী তাঁবুতে। সেখানে ভূমিষ্ঠ হয় তাঁর সন্তান।
চরম দুরবস্থার মধ্যে চিকিৎসা নিতে আসা ২১ বছরের এই জুনু নেপালের নুয়াকোট জেলার গেরখু গ্রামের বাসিন্দা। রাজধানী কাঠমান্ডু থেকে ৩০ কিলোমিটার দূরে সে গ্রাম। ২৫ এপ্রিল আঘাত হানা ভূমিকম্পে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় খুব বিপদে পড়েন জুনু। এই দুরবস্থা কেবল জুনুর নয়, ভূমকম্প-পরবর্তী নেপালের প্রায় ৭০ শতাংশ অন্তঃসত্ত্বা মায়ের কাহিনি একই।

জুনু শ্রেষ্ঠা বলেন, ‘পাহাড়ি পথটি ছিল ভাঙাচোরা আর ঘুটঘুটে অন্ধকার। হাঁটতে হাঁটতে ব্যথা বেড়ে গেলে আমি দাঁড়িয়ে যেতাম।’

সম্প্রতি এএফপির প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত নেপালে ৩০ হাজারের বেশি নারী দুরুদুরু চিত্তে সন্তান জন্ম দিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই গল্প জুনুর মতো। যাঁরা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে বাস করেন, তাঁদের সন্তান জন্ম দেওয়ার জন্য অনেক চড়াই-উতরাই পেরিয়ে অস্থায়ী হাসপাতালে যেতে হচ্ছে। তার ওপর ভয়, এই ঝক্কি-ঝামেলায় নবজাতক আদৌ বাঁচবে কি না।

এত ঝক্কির পর জুনুর সন্তান সুস্থ থাকলেও দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর থেকে দেশটিতে অনেক অন্তঃসত্ত্বা নারীই মৃত সন্তান প্রসব করছেন। ভূমিকম্পের ঝাঁকুনি ও অনেক উঁচু-নিচু পথ পেরিয়ে আসার কারণে এসব নারীকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ কারণে অনেকে মৃত সন্তানের জন্ম দিচ্ছেন।

নেপালে ইউনিসেফের প্রসূতি ও নবজাতক বিশেষজ্ঞ আশা পুন বলেন, ‘স্বাভাবিকভাবে এখানে ৫ শতাংশ মা অপরিণত শিশুর জন্ম দিতেন। কিন্তু ভূমিকম্পের পর এই হার ১৫ শতাংশে পৌঁছেছে।’

নুয়াকোট জেলার হাসপাতালের সেবিকা সানু মাইয়া রানা বলেন, ‘এখানে সবকিছুই এখন চ্যালেঞ্জ। এই তাঁবুর মধ্যে রোগীদের যেমন পর্যাপ্ত সেবা দেওয়া যাচ্ছে না, তেমনি কর্মীরাও নানা সমস্যার মধ্যে রয়েছেন। এর ভেতরই কর্মীরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই সেবা দিয়ে যাচ্ছেন। আমরা প্রসূতিদের বেশি গুরুত্ব দিচ্ছি। এ মুহূর্তে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে প্রসূতিদের নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।’
এখন ইউনিসেফ হাসপাতালগুলোতে অল্প হলেও পানিরোধক তাঁবু, অ্যান্টিবায়োটিক ওষুধ ও সার্জারি গ্লোভস পাঠিয়ে দিচ্ছে।

সানু মাইয়া রানা বলেন, ‘ভয়াবহ ভূমিকম্পের পর এখন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এতে রাস্তাঘাট ভেঙে গেছে। অনেক এলাকা ডুবে গেছে। এ পরিস্থিতিতে নারীরা কীভাবে আমাদের কাছে আসবেন, আর কে-ই বা নিশ্চিত করবে তাঁদের স্বাস্থ্যসেবা।’

জুনুর মতো আরেকজন মা হলেন সিতা প্যাকুরেল। তিনিও হাসপাতালের বদলে তাঁবুতে সন্তানের জন্ম দিতে বেশ ভয় পাচ্ছিলেন। মা হওয়ার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘তখন প্রচণ্ড বাতাস বইছিল আর বৃষ্টি হচ্ছিল। আমাদের তাঁবুর ছাদে বৃষ্টির পানি জমেছিল। রাতে ব্যাঙের দেখা মিলল। ভয় হচ্ছিল, এত কাছে ব্যাঙ যখন আছে, সাপও হয়তো বেশি দূরে নেই।’

এসব শঙ্কা কাটিয়ে নেপালে যেসব মা সুস্থ সন্তান জন্ম দিচ্ছেন, তাঁদের মুখের হাসি বলে দেয়—সুস্থ সন্তান কোলে নেওয়ার মতো সুখ পৃথিবীতে আর কিছুতে নেই।