নেপালে ভূমিধসে ২৯ জনের মৃত্যু
পশ্চিম নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে গতকাল বৃহস্পতিবার অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকা ১৫ জনের খোঁজে
তল্লাশি চলছিল। স্থানীয় পুলিশপ্রধান এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
হিমালয়ের পাদদেশে কাসকি জেলার দুটি গ্রামে প্রবল বৃষ্টিপাতের প্রভাবে ওই ভূমিধস হয়। জায়গাটির অবস্থান রাজধানী কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার দূরে। ভূমিধসে আহত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেপালে প্রতিবছর বর্ষাকালে বন্যা ও ভূমিধসে অনেক মানুষের মৃত্যু হয়। দুই সপ্তাহ আগেই পোখরা শহরের কাছাকাছি এলাকায় একটি বিদ্যালয় ভূমিধসে চাপা পড়লে এক ছাত্রের মৃত্যু হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি গ্রামে গত মাসে ভূমিধসে ৩৫ জন মারা যায়।
হিমালয় অঞ্চলের দেশটিতে গত ২৫ এপ্রিল বড় ধরনের ভূমিকম্প এবং আরেক দফা আঘাতে কমপক্ষে ৮ হাজার ৮০০ মানুষ প্রাণ হারায়। ওই দুর্যোগের পর বহু মানুষ এখনো আশ্রয়হীন রয়েছে। পার্বত্য গ্রামগুলোতে এ রকম অনেক মানুষের কাছে ত্রাণ সরবরাহ কার্যক্রমও চলমান বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে।